ভোটের আগে নসিমন-করিমনে ছাড়: সড়কমন্ত্রী
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সড়ক-মহাসড়কে নসিমন-করিমন ও ইজিবাইক চলাচলে বিধিনিষেধ শিথিল থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসব যান বন্ধ না করতে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ‘চাপ’ আছে মন্তব্য করে রোববার রাজধানীতে এক সভায় তিনি একথা জানান।
সড়কমন্ত্রী বলেন, “আপনারা যাই বলুন, এটা নির্বাচনের বছর। এটাতে সাধারণ মানুষ জড়িত, খুব গরিব মানুষ জড়িত। এটা আমরা করতে গেল বিরোধী দল একটা ক্যাম্পেইন পাবে, যে সরকার গরিব মানুষের পেটে লাথি মেরেছে। সারা বছর করল না, নির্বাচনের বছর এটা করেছে।
“অনেক জনপ্রতিনিধি, সে আওয়ামী লীগের হোক বা অন্য দলের হোক এখন থেকেই আমাকে বলা শুরু করেছে যে নির্বাচনের আগে আমাদেরকে এই ঝক্কি ঝামেলায় ফেলবেন না। নির্বাচনের পর আপনারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেন।”
তিনি চাইলেও জনপ্রতিনিধিরা এটা করতে দেবেন না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমাদের রাজনীতি মাঝেমাঝে এইসব ব্যাপারে খুব নিষ্ঠুর। এই আনপ্লেজেন্ট রিয়ালিটি না চাইলেও আমাদেরকে একসেপ্ট করতে হবে। তাই এ প্রস্তাব আপাতত মুলতবি। এইটা এখন করতে গেলে খুবই একটা কঠিন সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে।”
“আমি সবাইকে অনুরোধ করবো একটু কাউন্সেলিং করার জন্য। শীতের সময় গাড়ির গতি যেন সীমিত থাকে। এবং চালকরা যেন সতর্কভাবে গাড়ি চালায়। এই ব্যাপারটায় আমাদের আরও সিরিয়াস হতে হবে।”
রমনায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় সভায় ওবায়দুল কাদের জানান, আগামী ১ ডিসেম্বর থেকে এক্সেল লোড কন্ট্রোল নীতিমালা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।
সড়ক পরিবহনমন্ত্রীর সভাপতিত্বে সভায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
