আগামী বছর ঢাকায় জলাবদ্ধতা থাকবে না: সংসদে মন্ত্রী
আগামী বছর থেকে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের এক সম্পুরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে এ কথা বলেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, “ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। আগামী বছর থেকে ঢাকায় হাঁটুপানি থাকবে না”
রাজধানী থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এর আগে ঢাকার জলাবদ্ধতা, যানজট ও সুপেয় পানি নিয়ে প্রশ্ন করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঢাকায় বৃষ্টি হলেই হঁটুপানি হয়ে যায়। মানুষ চলাচল করতে পারে না।”
তিনি অভিযোগ করেন, রাজধানীতে ফ্লাইওভারগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন যানজট হয়। নতুন নতুন ফ্লাইওভার হচ্ছে আর নগরীতে যানজটের রাজত্ব কায়েম হচ্ছে। মানুষকে আশ্বাস না দিয়ে এবং স্বপ্ন না দেখিয়ে এসব সমস্যা সমাধানে সরকার কী করবে তা জানতে চান কাজী ফিরোজ রশীদ।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, “মানুষকে আশ্বাস দিতে হবে। স্বপ্নও দেখাতে হবে। বর্তমান সরকার যেমন মানুষকে স্বপ্ন দেখিয়েছে তেমনি সরকার সেই স্বপ্ন বাস্তবায়নও করেছে। সুপেয় পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। সুপেয় পানি নিশ্চিত করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি ডোনার দেশের সঙ্গে আলোচনা এগিয়ে গেছে। এই সুপেয় পানির জন্য আমাদের আর একটি বছর সময় দিতে হবে।”
এম আবদুল লতিফের তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, জাইকার (জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি) সহযোগিতায় ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। এটি প্রণয়নসহ এর সুপারিশ বাস্তবায়িত হলে নগরীকে একটি স্বস্তিদায়ক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
মানিকগঞ্জ-২ আসনের মমতাজ বেগমের লিখিত প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৩ কোটি ৯২ লাখ (৮৭%) জনগণ নিরাপদ পানির সুবিধা ভোগ করছে। এছাড়া ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ জনগণ উন্নত, ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন ও ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন।
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ১২ শতাংশ জনগণ আসের্নিক দূষণজনিত ঝুঁকিতে রয়েছে।
তিনি জানান, আর্সেনিক ঝুঁকি নিরসনের লক্ষ্যে ‘পানি সরবরাহে আসের্নিক ঝুঁকি নিরসন প্রকল্প’ একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রায় সারা দেশের আর্সেনিক দূষণের বর্তমান পরিস্থিতি জানা যাবে। একই সাথে ৩১টি জেলার ১১৭টি উপজেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানি নিশ্চিত হবে।
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
