২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশে ভোগান্তি রাজধানীজুড়ে

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশের কারণে যানজটে থমকে গেছে পুরো রাজধানী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 06:50 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

পুরনো খবর:

বিএনপির সমাবেশ: বাস বন্ধে জনদুর্ভোগ

সমাবেশকেন্দ্রিক জনসমাগম, রাস্তায় রাস্তায় মিছিল, নেতাকর্মীদের অবস্থানের কারণে সোহরাওয়ার্দীর আশপাশে যানজট ধীরে ধীরে রাজধানীতে ছড়িয়ে পড়ায় বলতে গেলে সারাদিনই নগরবাসীর নাভিশ্বাস ওঠার মত অবস্থা।

রোববার বেলা ১২টার পর মৎস্য ভবন থেকে শাহবাগ, পল্টন, কাকরাইল এলাকার সড়কগুলোয় যানবাহন থেমে থাকতে দেখা যায়। সন্ধ্যারও পরও সেই জটলা ছাড়েনি।  কোথাও কোথাও উল্টো পথে গাড়ি চলায় পরিস্থিতি চরমে ওঠায় কোথাও কোথাও অসহায় ট্রাফিক পুলিশকেও হাল ছেড়ে দিতে দেখা গেছে।

সমাবেশ শুরুর আগে থেকেই রাজধানী এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা সোহরাওয়ার্দীর আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন, পরে মিছিল নিয়ে যান সমাবেশস্থলে। মিছিল চলার পথে আবার মাঝে মাঝে চলে সংক্ষিপ্ত সমাবেশ। রমনা পার্কের ভেতরেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নেন সমাবেশে যোগ দিতে আসা লোকজন।

Image
রাস্তার একপাশ ফাঁকা, আরেক পাশে গাড়ির জটলা। তাই হেঁটেই যাত্রা। রাজধানীর বাংলা মটর এলাকা।

রাস্তার একপাশ ফাঁকা, আরেক পাশে গাড়ির জটলা। তাই হেঁটেই যাত্রা। রাজধানীর বাংলা মটর এলাকা।

সমাবেশে যোগ দিতে আসা লোকজনের কারণে পল্টন, প্রেস ক্লাব, সুপ্রিম কোর্ট এলাকা, মৎস্য ভবন, শিল্পকলা একাডেমি, কাকরাইলের দুর্নীতি দমন কমিশন সামনের সড়ক, কাকরাইল মোড়, জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে যানবাহন থমকে থাকে।

গুলিস্তান থেকে আব্দুল্লাহপুরের একটি বাসে মৎস্য ভবনের সামনে আটকে ছিলেন স্কুল শিক্ষক আরিফা সুলতানা।

তিনি বলেন, “প্রায় দেড় ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি, কিন্তু মানুষের কারণে গাড়ি সামনে যেতে পারছে না। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে।”

মোহাম্মদপুর-বনশ্রী রুটের তরঙ্গ পরিবহনের বাসের চালক নজরুল ইসলাম বলেন, “শাহবাগ থেকে মৎস্য ভবন আসতে ঘণ্টা শেষ, কিন্তু এরপর আর যেতে পারছি না। সড়কে মিছিল চলছে, গাড়ি আটকে আছে।”

দুপুর সাড়ে ১২টার দিকে গুলিস্তান থেকে জিরো পয়েন্টে এসেই যানজটে পড়ে মনজিল পরিবহনের একটি বাস। জিরো পয়েন্ট থেকে কাকরাইল মোড় পর্যন্ত আসতে সোয়া একটা বেজে যায়।

Image
সোহরাওয়ার্দীর আশপাশের রাস্তা এদিন বিএনপির কর্মী-সমর্থকদের দখলেই ছিল

সোহরাওয়ার্দীর আশপাশের রাস্তা এদিন বিএনপির কর্মী-সমর্থকদের দখলেই ছিল

দুর্ভোগে পড়ে ক্ষুব্ধ এই বাসের যাত্রী ইকবাল হোসেন। তার অভিযোগ, কোনো দলের নেতাকর্মীরাই মানুষের কষ্ট বোঝে না।

“আওয়ামী লীগের মিছিল মিটিং হোক আর বিএনপির, তারা কারও দুর্ভোগের কথা চিন্তা করে না। সমাবেশ করবেন ঠিক আছে। সোহরাওয়ার্দী উদ্যানেই থাকেন। সেখানে মিছিল করেন। রাস্তা বন্ধ কইরা কেন? আর রাস্তায় যদি করতেই হয় তাহলে ফুটপাতে দাঁড়াইয়া মিছিল করেন।”

যানবাহন না পাওয়ার দুর্ভোগও ছিল। কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার, সাতরাস্তা, তিব্বত, মহাখালী এলাকা ঘুরে বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকক্ষণ পর একটা বাস আসলে তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা।

উত্তরা যেতে মগবাজারে বাসের অপেক্ষায় ছিলেন গৃহিনী সুরাইয়া পারভিন। তিনি জানান, অসুস্থ আত্মীয়কে দেখতে মগবাজারের একটি হাসপাতালে এসেছিলেন তিনি। বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।

“এইখানে পাক্কা একঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পরপর একটা বাস আসে। বেশিরভাগই দরজা বন্ধ। যেগুলোতে যাত্রী নিচ্ছে তাতেও ধাক্কাধাক্কি করে উঠতে পারছি না।”

বিএনপির সমাবেশের আগে আকস্মিকভাবে আশপাশের জেলাগুলো থেকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় মানুষকে।