২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল সহযোগিতার চার প্রকল্পের উদ্বোধন

ভারতের ঋণ সহায়তায় নির্মিত দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেলসেতুর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 12:44 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

সেইসঙ্গে খুলনা-কলকাতা রুটের নতুন ট্রেন বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের জন্য উভয়প্রান্তে বহির্গমন ও কাস্টমস কার্যক্রমের অংশ হিসাবে চিতপুরে কলকাতা রেল স্টেশনে আন্তর্জাতিক টার্মিনালের উদ্বোধন করেছেন তারা।

বৃহস্পতিবার ঢাকায় গণভবন থেকে শেখ হাসিনা এবং দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই চার প্রকল্পের উদ্বোধন করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় তার কার্যালয় নবান্ন থেকে এই অনুষ্ঠানে যোগ দেন। দিল্লিতে মোদীর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর ঢাকায় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রেল সেতু উদ্বোধনের সময় ভৈরব থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন রেলমন্ত্রী মুজিবুল হক। চিতপুরে কলকাতা রেল স্টেশনের আন্তর্জাতিক টার্মিনালে ছিলেন ভারতীয় রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করা হয় দিল্লি থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন,“দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আমরা ভারত এবং অন্যান্য নিকট প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা করতে চাই। যেখানে আমরা সুপ্রতিবেশী হিসেবে পাশাপাশি বসবাস করতে পারি এবং জনগণের কল্যাণের জন্য গঠনমূলক কার্যক্রম চালিয়ে যেতে পারি।”

১৯৬৫ সালের আগে এই দুই ভূখণ্ডের মধ্যে যেসব পথে যোগাযোগ ছিল, তা আগের অবস্থায় ফিরিয়ে আনার কথাও বলেন শেখ হাসিনা।

আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও আলাপ আলোচনার ওপর জোর দেন।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ভৈরব ও তিতাসের পুরনো সেতু দুটি নির্মাণ করা হয়েছিল ১৯৩৭ সালে। ভারতীয় ঋণে সেখানে নতুন দুটি সেতু হওয়ায় ডাবল লাইনে ক্রসিং ছাড়াই ট্রেন চলাচল করতে পারবে এবং যাতায়াতের সময় ১৫ মিনিট কমে আসবে বলে প্রকল্প কর্মকর্তারা জানান।

২০১০ সালের নভেম্বরে একনেকের অনুমোদন পাওয়া এ দুটি প্রকল্পে ব্যয় হয়েছে ৯৬৭ কোটি ৩৪ লাখ টাকা, যার মধ্যে ভারত ঋণ ৮২৬ কোটি ২০ লাখ টাকা দিয়েছে।

আশুগঞ্জ ও ভৈরবে মেঘনা নদীর ওপর ডুয়েল গেজ রেলসেতুটির দৈর্ঘ্য ৯৮২ দশমিক ২ মিটার। আর দ্বিতীয় তিতাস রেলসেতু ২১৮ মিটার দীর্ঘ।

মৈত্রী এক্সপ্রেসে ঢাকা থেকে কলকাতা যেতে বা আসার পথে এতদিন যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সারতে হত চুয়াডাঙ্গার দর্শনা ও মুর্শিদাবাদের গেদে সীমান্তে।

এখন থেকে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে ঢাকা ছাড়ার আগেই। গন্তব্য শেষে কলকাতায় হবে ভারতীয় অংশের ইমিগ্রেশন। তাতে যাত্রার সময় কমে আসবে তিন ঘণ্টা;যাত্রীদের ভোগান্তিও কমবে।

৪৫৬ জন করে যাত্রী বহন ক্ষমতার মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়ে শুক্র, শনি, রবি ও বুধবার।  আর কলকাতা থেকে আসে শুক্র, শনি, সোম ও মঙ্গলবার।

শুক্রবার থেকে মৈত্রী এক্সপ্রেস নতুন সূচিতে চলবে। সকাল সোয়া ৮টায় ঢাকা থেকে রওনা হয়ে কলকাতায় পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৬টা ১০ মিনিটে। আর কলকাতা থেকে সকাল ৭টা ১০ মিনিটে রওনা হয়ে বিকেল ৬টা ৫ মিনিটে ঢাকা পৌঁছাবে।

এই ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বার্থের ভাড়া ভ্যাট ও ভ্রমণ করসহ ২৩৮৬ টাকা। আর শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ভাড়া ভ্যাট ও ভ্রমণ করসহ ১৬৩৩ টাকা।

খুলনা-কলকাতা রুটের নতুন ট্রেন বন্ধন এক্সপ্রেস আপাতত প্রতি বৃহস্পতিবার চলবে। ১৫৬ আসনের এই ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বার্থ ভাড়া দেড় হাজার টাকা,আর শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ভাড়া এক হাজার টাকা।

বাংলাদেশ সময় বেলা সোয়া ১টায় খুলনা থেকে কলকাতার উদ্দেশে রওনা হবে বন্ধন। বেলা ২টা ৫৫ মিনিটে যশোরের বেনাপোল অতিক্রম করে কলকাতায় পৌঁছাবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ এ। কলকাতা থেকে ট্রেনটি ছাড়বে স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে; খুলনায় পৌঁছাবে বেলা ১২টা ৫ মিনিটে।

বন্ধন এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে খুলনা-কলকাতা রুটে দীর্ঘ ৫২ বছর পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। পাকিস্তান আমলে এই পথে ট্রেন চললেও ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর তা বন্ধ হয়ে যায়।