মিলল গুগল প্লে স্টোরে অ্যাপ বিক্রির সুযোগ
বাংলাদেশের ডেভেলপাররা এখন থেকে টেক জায়ান্ট গুগলের অ্যাপ্লিকেশন বাজার গুগল প্লে স্টোরে তাদের তৈরি অ্যাপ বিক্রি করতে পারবেন।
মঙ্গলবার রাতে গুগলের সাপোর্ট সেন্টার ‘লোকেশনস ফর ডেভেলপার অ্যান্ড মার্চেন্ট রেজিস্ট্রেশন’ বিভাগে বাংলাদেশের নাম যুক্ত করেছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
এর ফলে এখন থেকে বাংলাদেশের ডেভেলপাররা বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে অ্যাপ বিক্রি করতে পারবেন।
এতদিন বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোর ব্যবহারের সুবিধা থাকলেও বাংলাদেশি ডেভেলপারদের অ্যাপ বিক্রির সুবিধা ছিল না।
এই অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের দীর্ঘদিনের আজ পূরণ হলো বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গত বছর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সিনিয়র কাউন্সিল (পাবলিক পলিসি) উইলসন এল হোয়াইটের নেতৃত্বে গুগল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছিলেন জানিয়ে পলক বলেন, “সেই বৈঠকে আমাদের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশের ডেভেলপাররা যেন মার্চেন্ট অ্যাকাউন্ট করতে পারে, যা দিয়ে ইন-অ্যাপ্লিকেশন পেমেন্ট ও পেইড-অ্যাপ্লিকেশন পাবলিশ করা সম্ভব।”
গত মাসে গুগলের একটি প্রতিনিধি দল আইসিটি বিভাগে আবার বৈঠক করে। সেই বৈঠকেও বাংলাদেশের ডেভেলপারদের পক্ষ থেকে এই দাবি তোলেন পলক।
পলক বলেন, “গুগলের মার্চেন্ট অ্যাকাউন্টের তালিকায় গুগল বাংলাদেশকে যুক্ত করার মধ্য দিয়ে গুগল তাদের দেওয়া আশ্বাসের বাস্তবায়ন করল। এজন্য আমি গুগল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”
এই সুবিধা দেশের মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করার সঙ্গে মোবাইল অ্যাপ্লিকেশন ও গেইম ডেভেলপমেন্টকে আরও প্রসারিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
