২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সংবাদচিত্র এবার এক মলাটে

একাত্তরের রণাঙ্গনে বীর বিক্রমে লড়েছেন পাকবাহিনীর বিরুদ্ধে, একইসঙ্গে বিশ্ব গণমাধ্যমে তুলে ধরেছেন পাক বাহিনীর নৃশংসতম গণহত্যা ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা- নিজের করা সেসব সংবাদকে এক মলাটে বন্দি করেছেন সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 11:47 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

মঙ্গলবার রাজধানীর শুক্রবাদে চেইন বুক শপ পূর্ব-পশ্চিমে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ‘গণমাধ্যম ১৯৭১: বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শিরোনামের বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান। সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে বইটি নিয়ে আলোচনা করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।     

হারুন হাবীব বলেন, “এ বইয়ে আমার নিজের অল্প কথা রয়েছে। বাকি পুরোটা জুড়েই তথ্য ও উপাত্ত দেওয়ার চেষ্টা করেছি।”

ছয় ভাগে বিভক্ত বইটি। সেগুলো হলো- মুক্তিযুদ্ধে দেশীয় গণমাধ্যম, মুক্তিযুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম, রণাঙ্গণের সংবাদপত্র, ভারতীয় সংবাদপত্রে মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রতিবেদন, বিশ্ব সংবাদপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং কয়েকটি সাড়া জাগানো বিশ্ব প্রতিবেদন।

১৭৮ পৃষ্ঠার এ বইটির দাম ৩০০ টাকা। বইটি লেখক উৎসর্গ করেছেন মুক্তিযুদ্ধে শহীদ সাংবাদিকদের। বইটির প্রচ্ছদ করেছেন মাসুম রহমান।

তোয়াব খান বলেন, “এই বইটির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশে এবং দেশের বাইরে সাংবাদিকদের ভূমিকা কী ছিল, তা জানা যায়। এটি একটি প্রামাণ্য দলিল হিসেবে গণ্য হবে। যারা ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বা ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন, তাদের বিভ্রান্তির উত্তর এ বইয়ে খুঁজে পাবেন।”

কামাল লোহানী বলেন, “এই বইয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো বলে দেয়, মুক্তিযুদ্ধের সময়ে আসলে কী কী ঘটেছিল। একটি কথা মনে রাখতে হবে, এখনো মুক্তিযুদ্ধের সম্পূর্ণ ইতিহাস প্রকাশ হয়নি। যারা এ বিষয়ে গবেষণা করছেন এবং আগামীতে করবেন, তারা এ বই থেকে অনেক তথ্য পাবেন।”

গোলাম রহমান বলেন, “এ বইটি শুধু সেই সময়কেই উপস্থাপনই করে না, আমাদের বর্তমান প্রজন্মের সাংবাদিকদের কী করার আছে, তা মনে করিয়ে দেয়। পরবর্তী প্রজন্ম এ বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবে।”