ফের উপমন্ত্রীর পদমর্যাদায় মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আবারও উপমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।
আইভীকে উপমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে মঙ্গলবার রাতে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘মেয়র হিসেবে স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন’ এই পদমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন তিনি।
গত বছরের ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাইদ খোকনকে মন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার। একইসঙ্গে আইভীকে দেওয়া হয় উপমন্ত্রীর পদমর্যাদা।
মেয়র হিসেবে আইভীর মেয়াদ শেষ হলে ওই পদমর্যাদার সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধাও বাতিল হয়ে যায়। কারণ কোনো সিটি করপোরেশনের মেয়রের পদমর্যাদা নির্দিষ্ট করা নেই। সরকারের ইচ্ছানুযায়ী মেয়রদের পদমর্যাদা নির্ধারণ করা হয়।
গত বছরের ২২ ডিসেম্বর আওয়ামী লীগের দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটির দায়িত্ব পান আইভী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে এখনও কোনো পদমর্যাদা দেয়নি সরকার।
