২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানভাসে প্রতিবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতাল পল্লীতে হামলার বছর পূর্তিতে বাংলাদেশ চারুশিল্পী সংসদের চিত্রশালায় শুরু হয়েছে চিত্রশিল্পী প্রদীপ ঘোষের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘সাঁওতালনামা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 11:40 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশ চারুশিল্পী সংসদের চিত্রশালায় প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অতিথি ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী শিশির ভট্টাচার্য্য ও শিল্পাচার্য্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী মইনুল আবেদিন।

নিজের জমিজমা আর বসতভিটা রক্ষা করতে গিয়ে গত বছরের ৬ নভেম্বর প্রভাবশালীদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছিলেন আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর সদস্যরা। ওই হামলায় প্রাণ হারান শ্যামল হেমব্রম, মঙ্গল মাড্ডি আর রমেশ টুডু নামের তিন সাঁওতাল। আহত হন আরও অনেকেই।

ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন সাঁওতালরা। সে ঘটনার বর্ষপূর্তিতে সাঁওতালদের জীবন সংগ্রাম ও অধিকার আদায়ের লড়াইকে উপজীব্য করে শুরু হয়েছে শিল্পী প্রদীপ ঘোষের এই প্রদর্শনী।

প্রদর্শনীতে প্রদীপ ঘোষের আঁকা মোট ২১টি চিত্রকর্ম রয়েছে। যাতে আঙ্গিকে ও উপস্থাপনে আশ্রয় নেওয়া হয়েছে সরলতার। ফলে খুব সহজেই দর্শকের কাছে বোধগম্য হয় চিত্রের ভাষা।

প্রদর্শনীর উদ্বোধনী দিনে প্রচারিত হয় সাঁওতাল হত্যাকাণ্ড নিয়ে প্রদীপ ঘোষের গ্রন্থনা, গবেষণা ও পরিকল্পনা নির্মিত প্রামাণ্যচিত্র ‘ভূমিহীন ভূমিপুত্র’।

আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

অক্টোবর বিপ্লবের শতবর্ষ সাংস্কৃতিক উৎসব সমাপ্ত

শেষ হল অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে আয়োজিত উৎসবের তৃতীয় ও শেষ দিনের আলোচনা পর্বে অংশ নেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এস এম কামালুদ্দিন এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহিদুল হক মিলু।

দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করে সমগীত ও গায়েন। আবৃত্তি পরিবেশন করেন খন্দকার সামসুজ্জোহা, মনিরুল ইসলাম এবং কবি মতিন বৈরাগী। এছাড়া পথনাটক পরিবেশন করে এই বাংলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপে গত ৪ নভেম্বর থেকে এ উৎসবের আয়োজন করে সমমনা ৩৩টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অক্টোবর বিপ্লব শতবর্ষ উদ্যাপন সাংস্কৃতিক পর্ষদ’। উৎসবের উদ্বোধন করেছিলেন ভাষাসৈনিক, প্রাবন্ধিক, গবেষক আহমদ রফিক ও এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।