২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের কাজে ‘সিভিল সোসাইটি’কে চায় না বাংলাদেশ

সংসদীয় কার্যক্রমে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির এক প্রস্তাব সিপিএ সম্মেলনের একটি কর্মশালায় পাস হলেও বাংলাদেশের ভোট ছিল তার বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 10:21 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

ঢাকায় চলমান কমনওয়েলথ পার্লামন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে ‘সিপিএ বেঞ্চমার্ক ফর ডেমোক্রেটিক লেজিসলেচার: প্রোগ্রেস ইস দ্যা পাস্ট ১০ ইয়ারস’ শীর্ষক কর্মশালায় সুপারিশ নিয়ে ভোটের সময় বাংলাদেশ তার অবস্থান প্রকাশ করে।

ওই আলোচনা শেষে ভোটাভুটিতে চারটি সুপারিশ গৃহীত হয়।

দ্বিতীয় সুপারিশে বলা হয়, আত্মমূল্যায়নের স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা উৎসাহিত করার জন্য আইনসভা প্রয়োজন নাগরিক, নাগরিক সমাজ ও গবেষকদের সঙ্গে পরামর্শ করবে।

কর্মশালায় আলোচনা শেষে সুপারিশগুলো গ্রহণের জন্য ভোট আহ্বান করেন সঞ্চালক নাইজেরিয়ার সিনেটর বিনতা গারবা।

দুই নম্বর সুপারিশের বিষয়ে ভোটের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “যদি এখানে নাগরিক সমাজের বিষয়টি থাকে, তবে বাংলাদেশ এই সুপারিশের বিপক্ষে অবস্থান নেবে।”

অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, তাসমানিয়াসহ প্রায় ১৫টি দেশের প্রতিনিধিরা কর্মশালায় আলোচনা করেন।

পরে সঞ্চালক ভোটে চলে যান। বাংলাদেশ বাদে বাকি সবাই হাত তুলে সুপারিশের পক্ষে অবস্থান নেয়।

ভোটে হারের পর ডেপুটি স্পিকার সাংবাদিকদের বলেন, “সংসদীয় কার্যক্রমে সিভিল সোসাইটির অন্তর্ভুক্তির প্রয়োজন নেই বলে আমরা মনে করি।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের ‘সুশীল সমাজের’ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে।

২০০৭ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে নাগরিক সমাজের প্রতিনিধিত্বের দাবিদার বিভিন্নজনের সমালোচনাও রয়েছে।