তারা এখন আর আমার কলাম ছাপে না: মুনতাসীর মামুন
‘ভূমি দস্যু’ ও সামরিক-বেসামরিক ‘আমলাতন্ত্রের’ বিরুদ্ধে লেখার কারণে সংবাদপত্র মালিকদের অপছন্দের তালিকায় পড়েছেন বলে মনে করছেন অধ্যাপক মুনতাসীর মামুন।
গত ৫০ বছর ধরে লেখা-লেখি এবং ৩০ বছর ধরে কলাম লেখার কথা জানিয়ে তিনি বলেছেন, “আমার লেখা এখন কোনো পত্রিকা ছাপে না। এমনকি জনকণ্ঠও ছাপে না। যে জনকণ্ঠ এবং আমি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলাম। কারণ তাদের মালিক আমাকে পছন্দ করেন না।
“বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আমার কিছু লেখা ছাপে।”
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন মুনতাসীর মামুন। অনুষ্ঠানে তাকে এবং শিল্পী হাশেম খানকে গুণী হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
নিজের লেখালেখি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই অধ্যাপক বলেন, “আমার বন্ধুরা বলেছে আমার কলাম পড়া যায়, একেবারে খুব একটা খারাপ না।
“কিন্তু তারা আমার কলাম ছাপে না। ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, কর্পোরেট ইন্টারেস্ট, গভর্নমেন্টের সঙ্গে মিল হয় না। আমাকে বলে তাদের মতো করে লিখতে। কিন্তু আমি তো ভূমি দস্যুদের বিরুদ্ধে লিখব, আমি তো সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে লিখব। প্রয়োজন হলে সরকারের বিপক্ষে লিখব।”
সরকার নয়, বরং সংবাদপত্রের মালিকদেরই গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় হিসেবে চিহ্নিত করেন অধ্যাপনার আগে সংবাদপত্রে কাজ করে আসা মুনতাসীর মামুন।
তিনি বলেন, “আপনারা যে বলছেন.... সরকার আপনাদের নিয়ন্ত্রণ করছে, স্বাধীনতা দিচ্ছে না, আপনারা কতটা স্বাধীন? আমার এই প্রশ্ন করার অধিকার আছে, কারণ আমি পত্রিকা কিনি, পড়ি, সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম, এখনও কোনো না কোনোভাবে যুক্ত। এইসব কেন বলছি? আত্মসমালোচনা না করে অন্যের উপর চড়াও হওয়ার কোনো মানে নেই।”
এখনকার সাংবাদিকদের ‘কর্পোরেট হাউজ বা কোম্পানির লোক’ আখ্যায়িত করে মুনতাসীর মামুন বলেন, “তারা সাংবাদিক নয়, কর্মী বা কর্মচারী। এখন মালিকরাই সম্পাদক, সম্পাদকরা সাংবাদিক নয়। এটা সাংবাদিকরাই মেনে নিয়েছে।”
শিক্ষকদের সমালোচনা করে এই অধ্যাপক-গবেষক বলেন, “শিক্ষকরা এখন শিক্ষক নন, তারা এখন আমলা। এটা একটা চাকরি, স্বয়ংক্রিয় প্রমোশন এবং সরকারে থাকার চেষ্টা করেন, যাতে ভিসি হতে পারেন, প্রো-ভিসি হতে পারেন।”
‘স্বাধীনতার মূলধারা সাংবাদিক সমাজ’ নামে একটি সংগঠনের দেওয়া এই সংবর্ধনা পেয়ে নিজের গর্ববোধ করার কথা জানান তিনি।
“স্বাধীনতার মূলধারার সাংবাদিক সমাজ হওয়ার কারণে আমাদের সম্মাননা দেওয়া সম্ভব হয়েছে। তরুণদের উপস্থিতিতে এ সম্মাননা পেয়ে মনে হচ্ছে আমাদের লড়াই আসলে বৃথা যায়নি।”
সংবর্ধনা পেয়ে সম্মানিত বোধ করার কথা জানান চিত্রশিল্পী হাশেম খানও।
প্রতিকূল পরিবেশে ছবি আঁকার স্মৃতিচারণ করে তিনি বলেন, “জিয়াউর রহমানের আমলে আল্পনা আঁকা নিষেধ করা হয়েছিল। তখন ছিল সামরিক সরকার। একুশে ফেব্রুয়ারিতে আল্পনা আঁকা নিষেধ ছিল, তারপরও রাতের অন্ধকারে ছবি এঁকেছি। এর জন্য সামরিক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে পড়তে হয়।”
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ও বক্তব্য রাখেন।
