পেটে গজ রেখে সেলাই: ভুয়া চিকিৎসককে গ্রেপ্তারে পরোয়ানা
সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে অস্ত্রোপচার শেষ করা পটুয়াখালীর নিরাময় ক্লিনিকের ভুয়া চিকিৎসক রাজন দাসকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে হাই কোর্ট।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে হাই কোর্টে হাজির করতে বাউফল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। রাজন দাসের পক্ষে ছিলেন আইনজীবী মো. নজরুল ইসলাম। আর ভুয়া লাইসেন্সধারী চিকিৎসকের সহকারী তোফায়েল সিকদারের (মিশু সিকদার) পক্ষে ছিলেন আইনজীবী মো. আইলাদ হোসেন।
পরে সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পটুয়াখালীর সিভিল সার্জনের পক্ষে দাখিল করা প্রতিবেদনে রাজন দাসের চিকিৎসক লাইসেন্টটি ভুয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) লাইসেন্সধারী চিকিৎসক রাজন দাস আর এই রাজন দাস এক ব্যক্তি নন।
“ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বাউফল ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছে ১৫ নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে হাই কোর্টে হাজির করতে।রাজন দাসের সহকারীকেও এদিন আদালতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”
এর আগে ২৩ জুলাই পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশাল মেডিকেলের গাইনি বিভাগের প্রধানসহ তিনজনকে তলব করেন হাই কোর্ট। এছাড়া পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিককে হাজির হতে বলা হয়।
পরে হাই কোর্ট এ বিষয়ে পটুয়াখালীর সিভিল সার্জনের কাছে ঘটনার বিষয়ে প্রতিবেদন চায়। সে প্রতিবেদনেই ওঠে আসে রাজন দাসের লাইসেন্সটি ভুয়া।
একটি জাতীয় দৈনিকে গত ২২ জুলাই ‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হল গজ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা আদালতের নজরে আনার পর রুলসহ হাই কোর্ট আদেশ দেয়।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর বরিশালে মাকসুদা বেগম (২৫) নামের এক নারীর পেট থেকে গজ বের করা হয়েছে।
দীর্ঘদিন পেটে গজ থাকায় মাকসুদার খাদ্যনালিতে অনেকগুলো ছিদ্র হয়।
মাকসুদা পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের মো. রাসেল সরদারের স্ত্রী। গত মার্চে অস্ত্রোপচারের মাধ্যমে মাকসুদা একটি কন্যা সন্তানের জন্ম দেন। তখন তার পেটে গজ রেখে সেলাই করে দেন চিকিৎসক।
মাকসুদার মা রোকেয়া বেগমের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত মার্চে সন্তান প্রসবের জন্য মাকসুদাকে বাউফলের নিরাময় ক্লিনিকে নেওয়া হয়। সেখানে মাকসুদার একটি মেয়ে হয়। কয়েক দিন ক্লিনিকে থাকার পর তারা বাড়ি ফেরেন। এক মাস পর মাকসুদা পেটে তীব্র ব্যথা অনুভব করায় আবারও ওই ক্লিনিকে যান।
চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। দুই মাস পর তার খিঁচুনি দিয়ে জ্বর ওঠে; খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। গত জুনে বরিশাল মেডিকেলের বহির্বিভাগে দেখানো হয়। তখন আলট্রাসনোগ্রাফিতেও কিছু ধরা পড়েনি।
এরপর পটুয়াখালীতে এক চিকিৎসককে দেখানোর পর তিনি মাকসুদাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ১২ জুলাই হাসপাতালে মাকসুদার পেটে অস্ত্রোপচার করে গজ বের করা হয়।
