ঘুষ দিয়ে সুবিধা নেওয়ার অভিযোগে ৫ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই প্রকৌশলীকে ঘুষ দিয়ে অনিয়মের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ফাইল ছবি
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, মেসার্স চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. মাঈনুল ইসলাম চৌধুরী, মেসার্স এস আলম অ্যান্ড সন্সের মালিক মো. ইকবাল হোসেন, মেসার্স ফেয়ার এন্টারপ্রাইজের মালিক মো. আব্দুল আজিজ, মেসার্স প্রভাতী এন্টারপ্রাইজের মালিক মোস্তাফিজুর রহমান (সেগুন) এবং মেসার্স নাইদ এন্টারপ্রাইজের মালিক মো. আব্দুল মালেক।
প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে তাদের লিখিত বক্তব্য গ্রহণ করা হয়েছে। এছাড়া তারা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র জমা দিয়েছেন।”
অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আট ব্যবসায়ীকে তলব করে গত ২৬ অক্টোবর নোটিশ দেয় দুদক। সোমবার বাকি তিনজনের বক্তব্য নেওয়া হবে বলে দুদক জানিয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর ঘুষ নেওয়ার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম মাকসুদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা।
একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত জুলাইয়ে অনুসন্ধান শুরু করে কমিশন।
অভিযোগের বিষয়ে দুদক জানায়, নয়টি প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এই দুই প্রকৌশলীকে নির্দিষ্ট হারে ঘুষ দিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
