২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসির চতুর্থ দিনে বহিষ্কার ১২২ শিক্ষার্থী

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার চতুর্থ দিন ১২২ পরীক্ষার্থী ও একজন পরিদর্শক বহিষ্কার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 07:45 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

এছাড়া রোববার ৬২ হাজার ৬১৮ জন পরীক্ষার্থী অষ্টমের সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেএসসি-জেডিসির প্রথম দিনের পরীক্ষায় ১৬ জন, দ্বিতীয় দিন ২০ জন এবং তৃতীয় দিনের পরীক্ষায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার হয়। সব মিলিয়ে চার দিনের পরীক্ষায় একজন পরিদর্শক এবং ১৭০ শিক্ষার্থী বহিষ্কার হল।

রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে ইংরেজি দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে।

সাব-কমিটির তথ্যানুযায়ী, রোববার ঢাকা বোর্ডে ৫৮ জন, বরিশালে ১৩ জন, কুমিল্লায় নয়জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে চারজন, সিলেট ও দিনাজপুর বোর্ডে একজন করে এবং মাদ্রাসা বোর্ডে ৩১ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

চট্টগ্রাম বোর্ডে একজন পরীক্ষককে বহিষ্কার করা হয়েছে।

রোববার ঢাকা বোর্ডে ১৪ হাজার ৮৪৩ জন এবং রাজশাহী বোর্ডে চার হাজার ৪৭১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া কুমিল্লা বোর্ডে চার হাজার ১৯৪ জন, যশোরে পাঁচ হাজার ১৬৩ জন, চট্টগ্রামে তিন হাজার ১৫৩ জন, সিলেটে দুই হাজার ৫৩৫ জন, বরিশালে তিন হাজার ৪৪৮ জন এবং দিনাজপুর বোর্ডে তিন হাজার ২৮১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

আর মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ২১ হাজার ৫৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশের দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।