নৌমন্ত্রীর মিছিলে হামলার মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়েছে
নৌমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় আবারো পিছিয়েছে।
রোববার মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নূরুন্নাহার ইয়সমিন আগামী ১৭ ডিসেম্বর নতুন দিন রাখেন।
এ আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য কমপক্ষে ১১টি তারিখ পার হয়ে গেল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি হরতাল-অবরোধের প্রতিবাদে খালেদা জিয়াকে ঘেরাওয়ের জন্য শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের একটি মিছিল সোমবার গুলশানের ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কে যাওয়ার পথে মেট্রোপলিটন শপিংমলের ওপর থেকে ৬-৭টি বোমা ফেলা হয়।
এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু গুলশান থানায় খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
