২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের উসকানি ছিল: ওবায়দুল কাদের

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের ফিরিয়ে না নিয়ে দেশটির সরকার বাংলাদেশকে নানাভাবে উসকানি দিয়েছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 03:24 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

পুরনো খবর:

রোহিঙ্গা প্রত্যাবাসন: জাতিসংঘ কঠোর হবে, আশা কাদেরের
মিয়ানমারের দিক থেকে যুদ্ধের উসকানি ছিল: প্রধানমন্ত্রী

রোববার কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাংবাদিকদের বলেন, “মিয়ানমারের পক্ষ থেকে উসকানি ছিল। আমাদের আকাশসীমায় হেলিকপ্টার নিয়ে বারবার তারা রাউন্ড দিয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলছেন, আমরা কাউকে আক্রমণ করব না। কোনো অবস্থাতেই কোনো উসকানির ফাঁদে পা দেওয়া যাবে না।”

মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সঙ্কটের সমাধান করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

“আলোচনার মাধ্যমে আমরা সমস্যা সমাধানের পথ খুঁজছি। রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ অব্যাহত রয়েছে।”

বৌদ্ধ প্রধান মিয়ানমারের রাখাইনে গত ২৫ অগাস্ট সহিংসতা শুরু হলে লাখ লাখ রোহিঙ্গা মুসলমানের ঢল নামে বাংলাদেশ সীমান্তে। এরপর প্রায় আড়াই মাসে ছয় লাখ ২২ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে মানতে নারাজ মিয়ানমারের সেনারা শরণার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে; সীমান্তে পেতে রাখে স্থল মাইন।

এর মধ্যেই অসংখ্যবার মিয়ানমারের সামরিক হেলিকপ্টার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে, যাকে উসকানি হিসেবে উল্লেখ করে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়।

আন্তর্জাতিক মহলে সমালোচনার মধ্যে মিয়ানমার ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় দ্বিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবাসনে জাতিসংঘকে যুক্ত করাসহ কয়েকটি প্রস্তাব রাখা হয়েছে।

বাংলাদেশের প্রস্তাবের কোনো জবাব না দিয়েই গত ৩১ অক্টোরব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেরির জন্য উল্টো বাংলাদেশকে দোষারোপ করেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর সু চির দপ্তরের মহা পরিচালক জ তাই।

এ বিষয়ে কাদের বলেছেন, রোহিঙ্গাদের গ্রামে গ্রামে যে হত্যা-ধর্ষণ, জ্বালাও-পোড়াও চালানো হয়েছে, সেই ‘অপরাধ আড়াল করতেই’ মিয়ানমার সরকার এখন ‘আবোল তাবোল’ বলছে।

রোহিঙ্গা ক্যাম্পের শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, “রোহিঙ্গা ক্যাম্পের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নিয়ে নেওয়ার পরে সেখানে আর কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই। মাঝখানে চক্রান্তমূলকভাবে কিছু লিফলেট বিতরণসহ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল কেউ কেউ। কিন্তু গোয়েন্দাদের তৎপরতা ও সেনাবাহিনীর প্রচেষ্টায় সেই চক্রান্তকারীদের আমরা হাতেনাতে ধরতে পেরেছি।”

রোববার কক্সবাজারের হোটেল কক্স টু ডেতে বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য দেওয়া ত্রাণ গ্রহণ করেন ওবায়দুল কাদের। পরে কুতুপালং ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের মধ্যে চাল, বস্ত্র ও সোলার প্যানেলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।