২৪ ঘণ্টায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩
গুলশানের একটি বিপনী বিতানের সামনে থেকে শিশুকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে উদ্ধারের পাশাপাশি অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- রুবেল রানা, শিপন শেখ ও সাগর। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আগের দিন ভোরে তেজগাও শিল্পাঞ্চলসংলগ্ন হাতিরঝিলের কুনিপাড়ার এক বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হলেও বিষয়টি প্রকাশ না করে রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তা জানানো হয়।
ডিবির উপ কমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যার পর বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের এক কর্মকর্তা তার স্ত্রী ও ছয় বছরের ছেলেকে গুলশানের পুলিশ প্লাজায় কেনাকাটা করতে গিয়ে এক পর্যায়ে শিশুটিকে খু্ঁজে না পেয়ে পুলিশকে জানান। পরে শপিংমলের সিসিটিভি ফুটেজে এক যুবককে শিশুটির সঙ্গে কথা বলতে দেখে অপরহণের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।
“অপহরণকারীরা শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তাকে তেজগাঁও শিল্পাঞ্চলসংলগ্ন হাতিরঝিলের কুনিপাড়ার একটি বাসায় নিয়ে যায়। সেখান থেকে শিশুটির বাবার মোবাইল নম্বরে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
“শনিবার ভোর ৪টার দিকে অপহরণকারীরা র্যাংগস ভবনসংলগ্ন ফ্লাইওভারের কাছে আসে। সেখানে গোয়েন্দারা ওঁৎ পেতে আছে বুঝতে পেরে তারা গুলি ছুড়ে; পুলিশও পাল্টা গুলি চালালে আহত হন একজন আহত হন একজন।”
পরে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করার পর ওই শিশুটিকেও উদ্ধার করা হয় বলে নাজমুল জানান।
সংবাদ সম্মেলনে পুলিশের গণমাধ্যম বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার শাহজাহান ও গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আবদুল আহাদ উপস্থিত ছিলেন।
