রংপুর সিটি ভোট: বৃহস্পতিবারের মধ্যে প্রচারসামগ্রী সরানোর নির্দেশ
রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবারের মধ্যে নিজ উদ্যোগে এ কাজ করতে বলেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
রংপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান বিভাগীয় কমিশনার বরাবর এ চিঠি দিয়েছেন।
কমিশন সভা শেষে মঙ্গলবার ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ২১ ডিসেম্বর রংপুর সিটিতে ভোট করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৫ নভেম্বর তফসিল ঘোষণা করা হবে।
সিটি নির্বাচন আইন-বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের প্রচারের সুযোগ নেই। এসময় নির্বাচন সংক্রান্ত দেয়াল লিখন, পোস্টার, বিলবোর্ড, ব্যানার, তোরণ ও গেইট নির্মাণসহ প্রচারমূলক কাজ নিষিদ্ধ। প্রতীক পেয়েই তারা নির্বাচনী প্রচারে যেতে পারবেন।
দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, বিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সুযোগ রয়েছে।
