প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: আসামি নাজমুলের জামিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলার আসামি নাজমুল হককে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে হাই কোর্ট।
আদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে এ জামিন দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে।
জমিন বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এক আদেশে বিমান কর্মকর্তা নাজমুল হকের জামিন মঞ্জুর করে।
আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ব্যারিস্টার সানজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার মহানগর হাকিম আদলতে জামিন না পেলে হাই কোর্টে রিট আবেদন করেছিলেন বিমান কর্মকর্তা নাজমুল হক।
“প্রাথমিক শুনানি নিয়ে গত ২ মে আদালত রুল জারি করেছিল। সে রুল যথাযথ ঘোষণা করে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।”
গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বোয়িং বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়।
ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে বলে পরে তদন্তে বেরিয়ে আসে।
ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিমানের নয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০ ডিসেম্বর নাজমুল হকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করে বিমান কর্তৃপক্ষ। পরে ১০ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়।
