২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক শিক্ষার মানে ‘অধঃপতন’ দেখছেন মির্জ্জা আজিজ

উচ্চ শিক্ষায় চ্যালেঞ্জের বিষয়ে বলতে গিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান ঠিক রাখার দিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 07:43 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

মঙ্গলবার রাজধানীতে এক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের এই অধ্যাপক বলেন, “শুধু উচ্চশিক্ষার মান আলাদাভাবে উন্নত করাটা কঠিন। তার কারণ হচ্ছে, আপনার ভিত্তি হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক। সেটা যদি দুর্বল থাকে, তাহলে এই উপরের পর্যায়ে এসে মান উন্নত করাটা বেশ কঠিন।

“আমি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। এর আগেও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। সেখানে আমার মনে হয়, এমনকি ২০০২-০৩ এ আমার যে অভিজ্ঞতা ছিল, আজকে ২০১৬-১৭ এ এসে যে অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, সেকেন্ডারি লেভেলে নিঃসন্দেহে কোয়ালিটির বড় রকমের অধঃপতন হয়েছে। এদিকটায় দৃষ্টি নিবদ্ধ করা লাগবে অবশ্যই।”

‘জাতীয় জীবনে উচ্চ শিক্ষার অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে উচ্চ শিক্ষায় বিনিয়োগের পরামর্শ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।

তিনি বলেন, “আমরা রেমিটেন্স ঠিকই পাই ১৫ বিলিয়ন ডলারের মতো। কিন্তু আমাদের এখানে আউটওয়ার্ড রেমিটেন্স অর্থাৎ বিদেশি বিশেষ করে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত থেকে বাংলাদেশে কর্মরতরা তাদের দেশে পাঠাচ্ছে ৫-৬ বিলিয়ন ডলার। আমরা যদি এদের পরিবর্তে দেশীয় লোকদের নিয়োগ দিতে পারি, তাহলে আমাদের সেভিং হতে পারে। এক্ষেত্রে উচ্চ শিক্ষার ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।”

রেমিটেন্সের ক্ষেত্রে অধিক লোকের কারণে বাংলাদেশ ভাল করলেও সেটা প্রতিযোগী দেশের তুলনায় মাথাপিছু কম বলে এক পরিসংখ্যানের কথা উল্লেখ করেন তিনি।

“আমাদের আশপাশের যে দেশগুলোতে রেমিটেন্স ভালো ভূমিকা পালন করে থাকে, তার মধ্যে নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ইন্ডিয়া। যদি পার ক্যাপিটা রেমিটেন্স দেখি, সেটা বাংলাদেশে সর্বনিম্ন। আমেরিকা-ইংল্যান্ডের কথা বাদ দিলে মধ্যপ্রাচ্য থেকে মূল রেমিটেন্স আসে। মধ্যপ্রাচ্যে আমাদের বেশিরভাগ শ্রমিক কিন্তু অদক্ষ বা কম দক্ষ। এখানে যদি আমরা উচ্চশিক্ষার মাধ্যমে স্কিলড লোক পাঠাতে পারি, তাহলে কিন্তু রেমিটেন্স অনেক বেশি আসতে পারে।”

গার্মেন্টে খাতের উন্নয়নও কেবল কম মজুরির শ্রমিক পাওয়ার কারণে হয়েছে উল্লেখ করে সেক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং দক্ষ লোক তৈরির পরামর্শ দেন তিনি।

মির্জ্জা আজিজ বলেন, “গার্মেন্ট শিল্পে আমাদের দ্বিতীয় স্থান। কিন্তু এক ও দ্বিতীয় স্থানে সঙ্গে যে তফাৎ সেটা আকাশ-পাতাল। কারণ চীনের রপ্তানি ১৪০ বিলিয়ন ডলার, যেটা সর্বোচ্চ। আর বাংলাদেশের রপ্তানি হচ্ছে ২৫-২৬ বিলিয়ন ডলার।

“চীনের কথা বাদই দিলাম। ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ইত্যাদি তারা কিন্তু প্রতিযোগিতার সক্ষমতা বাড়াচ্ছে। আমাদেরও প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো লাগবে। সেটা বাড়াতে হলে উন্নত টেকনোলজির অবশ্যই সহায়তা নেওয়া লাগবে।”

শিক্ষায় সরকারি ব্যয় বাড়ানোর পাশাপাশি সেটা মনিটরিংয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান থেকে পাঁচ দেশে উচ্চশিক্ষায় মোট ভর্তির চিত্রের সঙ্গে মাথাপিছু আয় বাড়া-কমার উদাহরণ টানেন তিনি।

তিনি বলেন, মাথাপিছু আয়ের দিক থেকে ক্রমান্বয়ে থাকা কোরিয়া, চীন, ভিয়েতনাম, ভারত ও বাংলাদেশেও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে একই রকম ধারা রয়েছে। যেখানে দক্ষিণ কোরিয়া প্রথম, চীন দ্বিতীয়, ভিয়েতনাম তৃতীয়, ভারত চতুর্থ ও বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে।

“কাজেই আমাদের যথেষ্ট বেড়েছে শিক্ষার প্রসার। সে তুলনায় টারশিয়ারি লেভেলে ভর্তি কিন্তু পাঁচ দেশের মধ্যে সর্বনিন্ম। তার মানে সামষ্টিক অর্থনীতির বিচারে টারশিয়ারি লেভেলের শিক্ষার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের একটা সম্পর্ক রয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক আহমেদ সিদ্দিক সেমিনারে বলেন, “উচ্চশিক্ষা নিয়ে ভাবনার পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিতরা কীভাবে সামাজিক দায়বদ্ধতার কাজ করতে পারেন সেই ভূমিকা রাখতে হবে। দক্ষতার জন্য কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে।”

ডেইলি স্টার ভবনে ন্যাশনাল ডিবেট ফেডারেশন আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের কুইপিয়াক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিয়ামত ইলাহী, ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও মহাসচিব মোস্তাফিজুর রহমান খান বক্তব্য দেন।