২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে কন্টেম্পোরারি আর্টের অগ্রগতি নিয়ে ইউল্যাবে আলোচনা

বাংলাদেশে কন্টেম্পোরারি আর্টের বর্তমান অবস্থা ও অগ্রগতি নিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 09:36 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশন বিভাগের উদ্যোগে ধানমন্ডি ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘কন্টেম্পোরারি আর্ট সিন ইন বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশে বর্তমানে কন্টেম্পোরারি আর্টের কদর, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, বাজার, অগ্রগতি ইত্যাদি বিষয় স্থান পায়।

বক্তারা বলেন, যদিও আর্টের এই ভিন্নধারাটি ঢাকায় প্রচলিত হয়েছে আরো আগে থেকে; সাধারণ মানুষ এই শিল্পের বর্তমান উন্নয়ন সম্পর্কে পুরোপুরি অবগত নয়। তারা শিল্প কিনে নেয়, জাদুঘর ঘুরে দেখে হালকা জ্ঞান নিয়ে। বাংলাদেশি কন্টেম্পোরারি আর্টকে উজ্জীবিত করতে সাধারণ মানুষকে আগে বোঝাতে হবে এর মর্ম।

আলোচনায় অংশ নিয়ে কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, “এটি একেবারেই ভিন্ন ধাঁচের শিল্প, যেখানে এমন কিছু সৃষ্টির আনন্দ পাওয়া যায় যা কিনা সাধারণ শিল্পের চাহিদাকে ডমিনেট করে। আমি মনে করি আমাদের দেশের শিল্প তৈরি হয়েছে জনপদের প্রয়োজনীয়তা থেকে।

“তৈজসপত্র বা নিত্য ব্যবহার্য জিনিসের কথাই যদি ধরি, যেমন- নকশীকাঁথা, মাটির হাঁড়ি, সিঁকা, শীতল পাটি, আল্পনা ইত্যাদির মধ্যে ফিউশন করে তৈরি হচ্ছে কন্টেম্পোরারি আর্ট। এটি কিন্তু পুরনোকে ভুলে না গিয়ে দেশের গোড়াটাকেও সম্মানিত করছে। সুতরাং যে শীল্প জাতি বা গোষ্ঠীর প্রয়োজনীয়তার প্রতিফলন ঘটায়, প্রতিদিনকার জীবনের ছবি উপস্থাপন করে তার প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে বোঝানো দরকার আগে।”

প্যানেল আলোচনায় অংশ নেন সামদানি আর্ট ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও সভাপতি নাদিয়া সামদানি, ঢাকা আর্ট সামিটের প্রধান ডায়না ক্যাম্পবেল বেটানকোর্ট, দ্য আর্ট ম্যাগাজিন ডিপার্টের সম্পাদক মোস্তফা জামান, বেঙ্গল ফাউন্ডেশনের চিফ কিউরেটর তানজিম ওয়াহাব, শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা ও ইউল্যাবের উপাচার্য জহিরুল হক।