টাঙ্গাইলের শিশু মামুন হত্যায় আসামি বকুলের মৃত্যুদণ্ড বহাল
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু মামুনকে অপহরণ ও হত্যার দায়ে আসামি বকুলের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক সেলিমের দণ্ডও বহাল রাখা হয়েছে উচ্চ আদালতের রায়ে।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করে।
এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রায়ের পর বলেন, “বিচারকি আদালত যে রায় দিয়েছিল, তাই বহাল রেখেছে হাই কোর্ট।”
মামলার নথি থেকে জানা যায়, মির্জাপুরের ত্রিমোহন গ্রামের মাজেদুর রহমানের ছেলে তৃতীয় শ্রেণী পড়ুয়া মামুন তার মামা আনোয়ার হোসেনের বাড়িতে থেকে পড়াশুনা করত।
২০০৩ সালে ২৩ মার্চ আসামিরা তাকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করা হয়।
পরে মামুনের বস্তাবন্দি লাশ আসামি বকুলের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
ওই মামলার রায়ে ২০১০ সালের ৩০ ডিসেম্বর আসামি বকুলকে মৃত্যুদণ্ড এবং পলাতক আসামি সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রেজা করিম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ জানান, দুই আসামির বাড়িই মির্জাপুরের ত্রিমোহন এলাকায়।
হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল না করলে বকুলের মৃত্যুদণ্ড কার্যকর করতে বাধা থাকবে না বলে জানান তিনি।
