২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা ও উদ্ভবের পরিচয় বদলায় না: আনিসুজ্জামান

অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ধর্ম, বাসস্থান ও পেশা পরিবর্তনীয় হলেও কোনো জাতির ভাষা ও উদ্ভবের পরিচয় কখনও পরিবর্তন হয় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 12:16 AM

Updated : 19 Aug 2022, 05:52 PM

রোববার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গুণিজন বক্তৃতা’র তৃতীয় পর্বে ‘বাংলার মুসলমানের পরিচয়-বৈচিত্র্য’ শিরোনামে একক বক্তৃতা দেন অধ্যাপক আনিসুজ্জামান।

অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাঙালি মুসলমানের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে বাংলার এই অধ্যাপক বলেন, “মানুষ মাত্রেরই একাধিক পরিচয় থাকে। প্রসঙ্গক্রমে সে কোনো একটা পরিচয়কে তুলে ধরে বা গুরুত্ব দেয়। কিন্তু সেটিই তার একমাত্র পরিচয় নয়, আবার সবচেয়ে ‍গুরুত্বপূর্ণ পরিচয় নাও হতে পারে। অনেক সময়ে একাধিক বর্গের পরিচয়কে একসঙ্গে যুক্ত করা যায়। কিন্তু এক বর্গের সঙ্গে অন্য বর্গ পরিবর্তনযোগ্য হয় না।”

বাংলায় মুসলমানের আগমনের সময় থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ধর্মীয় পরিচয় বেশি গুরুত্ব পায় উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মুসলমানের মধ্যে অনেক অনৈসলামিক প্রথা স্থান করে নিয়েছিল, সে সম্পর্কেও অনেক বিধি-নিষেধের কথা জানা যায়। সুফিদের প্রভাব খুব ব্যাপক ছিল। কিন্তু শরিয়তপন্থিরা তাদের ধ্যানধারণা অনুমোদন করতেন না। তারপরও পীর, মুরিদি, দরগাহ, মাজারে শ্রদ্ধা নিবেদন চলত। অনেক ক্ষেত্রে সুফিবাদের সঙ্গে স্থানীয় নাথপন্থা ও যোগসাধনা সমন্বিত করার প্রয়াস দেখা যায়।

অষ্টাদশ শতাব্দী পর্যন্ত বাঙালি মুসলমানের জীবনাচরণের আদর্শ বিষয়ে যা কিছু লেখালেখি হয়েছে, তাতেও ‘পরস্পর বিরোধিতা’ দেখা যায় বলে জানান অধ্যাপক আনিসুজ্জামান।

“এ সময়ে বাংলা ভাষা সম্পর্কে অভিজাত মুসলমানদের মনোভাব ছিল বিরূপ। তবে সে ধরনের মনোভাবের নিন্দাই দেখা যায় বেশি। এমনকি অভিজাত সমাজের একটি অংশও সেই নিন্দাবাদে যোগ দেয়।”

আব্দুর রাজ্জাককে নিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “স্যার ছিলেন রেনেসাঁস মানব। মানব জীবনের সবকিছুতেই তার আগ্রহ ছিল। তবে নিজের অধ্যয়নেরক্ষেত্র হিসেবে তিনি বেছে নিয়েছিলেন মানববিদ্যা ও সমাজবিজ্ঞান।

“আহরিত জ্ঞান তাকে গজদন্তমিনারবাসী করে তোলেনি, বাংলার মানুষের প্রতি ছিল তার গভীর আস্থা। তিনি মনে করতেন, আমাদের মাটি, পানি ও মানুষের সম্ভাবনা অফুরন্ত।”