রোহিঙ্গা শিশুর দায়িত্ব শুধু সরকারের নয়: মেনন
বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, রোহিঙ্গা শিশুদের সুরক্ষা ও তাদের চাহিদা পূরণের দায়িত্ব শুধু বাংলাদেশ সরকারের নয়, বিশ্ব সম্প্রদায়কেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘শিশুর অধিকার ও বিশ্ব মানবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
“মিয়ানমার থেকে আসা শরণার্থীদের মধ্যে প্রায় ৬০ হাজার মহিলা সন্তানসম্ভবা। শরণার্থী শিবিরে এসব মহিলাদের পরিচর্যা সম্ভব নয়,তাই দ্রুত এসব মহিলাসহ সব রোহিঙ্গাকে ফিরিয়ে না নিলে মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী।”
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ উত্তম কুমার বড়ুয়া, ইউনিসেফের কর্মকর্তা ফারিয়া আলম, সাংবাদিক সলিম সামাদ প্রমুখ।
