২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর মৃত্যুর পর ‘হামলা’, ঢাকা মেডিকেলে জরুরি সেবা ৩ ঘণ্টা বন্ধ

এক রোগীর মৃত্যুর পর স্বজনদের ‘হামলার’ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ তিন ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে বাইরে থেকে আসা রোগীদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 04:12 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বেলা ২টার দিকে হামলার ঘটনার পর নিরাপত্তার স্বার্থে তারা জরুরি বিভাগের সেবা বন্ধ রাখতে বাধ্য হন। পরে বিকাল ৫টার দিকে জরুরি বিভাগের কার্যক্রম আবার শুরু হয়।    

মেডিকেল পুলিশ ফাঁড়ির এস আই মো. বাচ্চু মিয়া জানান, নওশাদ আহমেদ নামে ৫২ বছর বয়সী এক হৃদরোগী শনিবার সন্ধ্যায় লালবাগ থেকে এসে অধ্যাপক ওয়াদুদ চৌধুরীর অধীনে সিসিইউতে ভর্তি হয়।

“আজ বেলা ১টার দিকে তার মৃত্যু হলে ঘণ্টাখানেক পর লালবাগ থেকে বহিরাগত কিছু লোক এসে হাসপাতালে হামলা করে। তখন কয়েকজন চিকিৎসক, নার্স, স্টাফ ও আনসার সদস্য আহত হয়।”

ওই ঘটনার পর চিকিৎসকরা হাসপাতালে ঢোকার বিভিন্ন গেইট এবং জরুরি বিভাগের সেবা বন্ধ করে দিলে বিপাকে পড়েন বাইরে থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।

ঝাড়ু মোল্লা নামে পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধকে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লার মুরাদনগর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছিলেন তার স্বজনরা। কিন্তু ফটক বন্ধ থাকায় দুই ঘণ্টা ইমার্জেন্সির চত্বরে মাইক্রোবাসে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে। 

তার ছেলে রকিবুদ্দিন জানান, তিন দিন আগে তার বাবা হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্থানীয়ভাবে ডাক্তার দেখিয়েছিলেন তারা। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে এসে এখন বিপাকে পড়েছেন।  

শনির আখড়া থেকে আসা ৪৬ বছর বয়সী যক্ষ্মার রোগী মো. শামীমকে জরুরি বিভাগের সামনে বসে থাকতে দেখা যায়।

তার ছেলে মো. হায়দার জানান, বহির্বিভাগের সময় শেষ হয়ে যাওয়ায় তাদের এখন জরুরি বিভাগেই যেতে হবে। কিন্তু ফটক বন্ধ থাকায় তার বাবাকে ভেতরেও নিতে পারেননি।

নয় মাস বয়সী নুহাকে নিয়ে শরিয়তপুর সদরের কাসাব থেকে ঢাকা মেডিকেলে আসা মো. সেলিম জানান, তার মেয়ে গত দশদিন ধরে জ্বরে ভুগছে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে  নুহাকে ঢাকায় নিয়ে এসেছেন, কিন্তু দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও জরুরি বিভাগের টিকেট পাননি।

জামালপুরের মেলেন্দহ থেকে জন্ডিসে আক্রান্ত আমীর আলীকে (৩৫) নিয়ে ঢাকা মেডিকেলে এসেছিলেন তার বড় ভাই মো. আলী। কিন্তু তাদেরও ঝামেলা না মেটা পর্যন্ত জরুরি বিভাগের সামনে অপেক্ষায় থাকতে হয়।

পটুয়াখালী থেকে আসা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঝুমু রানীর (২৫) মা হাসি রানী বলেন, তার মেয়ে কিডনি জটিলতায় ভুগছে। কিন্তু জরুরি বিভাগের টিকেট না পেয়ে কী করবেন বুঝতে পারছেন না।

বিকাল ৫টায় জরুরি বিভাগ খুলে দেওয়ার পর চিকিৎসকরা সাংবাদিকদের করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যান, যেখানে হামলা হয়েছে বলে তাদের ভাষ্য।  

সেখানে একটি ট্রে পড়ে থাকতে এবং ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন বলেন, হামলায় তাদের চারজন চিকিৎসক, তিনজন আনসার ও কয়েকজন নার্স আহত হয়েছেন। শামিম নামে একজন চিকিৎসকের হাত ভেঙে গেছে। এ ঘটনায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

জরুরি বিভাগের সেবা বন্ধ রাখায় রোগীদের ভোগান্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পরিচালক বলেন, “হামলার পর চিকিৎসক ও নার্সদের মধ্যে ভীতির সঞ্চার হয়। এ কারণে তাৎক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি সামনে এসে পড়ে।”

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে রিয়াদ, মাকসুদ ও ইকবাল হোসেন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। মেডিকেল কর্তৃপক্ষ মামলা করবে বলে জানিয়েছে।

তবে যারা হামলা করেছে বলে অভিযোগ, তাদের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।