বিডিনিউজ টোয়েন্টিফোরে প্রাণোচ্ছ্বল মিলন মেলা
প্রতিদিন কর্মব্যস্ততা নিয়ে যে কক্ষটিতে এক হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সব কর্মী; শনিবারও সেখানে জড়ো হয়েছিলেন তারা, তবে আমেজ ছিল ভিন্ন; যার যার ঘরের মানুষগুলো এদিন কর্মস্থলে সঙ্গী হয়েছিল তাদের; যাদের নিয়ে খবর তৈরি হয়, যারা হন খবরের উৎস, তারাও সঙ্গী হন এই আনন্দ আয়োজনে।
একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন মহাখালীতে প্রতিষ্ঠানের কার্যালয়ে এই আনন্দ আয়োজনে মিলিত হয়েছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১১ বছরের পথচলার পুরনো সঙ্গীরাও।
২০০৬ সালের ২৩ অক্টোবর বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম; পরিসর বিস্তৃত করে যা এখন বাংলাদেশের সর্ববৃহৎ ও সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশক।
এটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীই শুধু নয়, এটা বাংলাদেশে ইন্টারনেট সংবাদপত্রের যাত্রা শুরুর দিন, বাংলাদেশে কোনো বার্তা কক্ষের ২৪ ঘণ্টা সচল থাকার শুরুর দিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন গত সোমবার একাত্তরের দুই গেরিলা যোদ্ধা মকবুল এলাহী চৌধুরী মশগুল ও শামসুল আলম খানকে নিয়ে ঘরোয়া আয়োজনে কেক কাটেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীরা।
এরপর আসে শনিবারের আয়োজন, সচল বার্তা কক্ষ পায় ভিন্ন মেজাজ। সন্ধ্যার পর থেকে বদলাতে থাকে রূপ; শিশুদের ছুটোছুটি, পুরনো সহকর্মীদের আলিঙ্গন আর অতিথিদের অভিনন্দনে উৎসবমুখর হয়ে ওঠে বার্তা কক্ষ।
গান গাইছে বিডিনিউজ টোয়েন্টিফোর পরিবারের ক্ষুদে সদস্য সুচেতা মুস্তাফিজ
ফুল নিয়ে হাজির হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তুলে দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর হাতে।
স্পিকার শিরীন শারমিন বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আমন্ত্রণে থাকতে পেরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”
স্ত্রী আসমা তৌফিককে সঙ্গে করে অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বার্তাকক্ষ ঘুরে অন্যপ্রান্তের আয়োজনে যোগ দেন তিনি।
বক্তৃতা দিতে এসে বয়স নিয়ে নাটকীয়তা তৈরি করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। জিজ্ঞাসু ভঙ্গিতে তিনি বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ১১ বছরে পড়ল। তাহলে বয়স কী হয়েছে? এগার বছর বয়স কৈশোরেরই বয়স। বিডিনিউজের জন্মদিনে কিশোর বিডিনিউজকে জানাই শুভেচ্ছা।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
বার্তাকক্ষে কীভাবে কাজ হয়- দেখতে বসে যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী; পেছনে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ
অধ্যাপক আনিসুজ্জামান, অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন, অধিকারকর্মী অ্যারোমা দ্ত্ত, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কলামনিস্ট আফসান চৌধুরী, বাংলাদেশের একাত্তরের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, ডা. নুজহাত চৌধুরী অংশ নেন এই আয়োজনে।
অধিকারকর্মী অ্যারোমা দত্ত ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান আসেন শুভেচ্ছার বার্তা নিয়ে
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ অনুষ্ঠানে এসে ইন্টারনেট এই সংবাদপত্রের বার্তা কক্ষের কাজের ধরনের সঙ্গেও পরিচিত হন।
বাংলাদেশে অনেক প্রথমের জন্ম এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরই হাত ধরে।
শিশু সাংবাদিকদের সঙ্গে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
দ্বিভাষিক এই সংবাদপত্রটি বাংলাদেশে এমনকি বাংলা ভাষায়ও প্রথম। শিশুদের জন্য প্রথম বাংলা ভাষার ওয়েবসাইট, শিশু সাংবাদিকদের প্রথম ওয়েবসাইটের পথ চলা শুরুও এর মাধ্যমে। প্রথম বাংলা মোবাইল এসএমএস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেরই অবদান।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “আপনাদের কর্মকাণ্ডে স্বাগত জানাই। বিডিনিউজ আমাকে এত বিশ্বস্ত করেছে, কোনো কিছুর প্রয়োজন পড়লে এটা খুলি। ফোন চালু করলে সেটাতে যাওয়া আমার অভ্যেসে পরিণত হয়েছে।”
মেয়র সাঈদ খোকন বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। মানুষকে সত্য জানানোর প্রক্রিয়া, প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
মেয়র সাঈদ খোকন প্রত্যাশা করলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পথচলা থাকুক অটুট
অনুষ্ঠানে এসে নিজের মনে এক কোণে সময় কাটাচ্ছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কলামনিস্ট জুলিয়ান ফ্রান্সিস।
কিছু বলতে বলা হলে তিনি বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতায় লেখা চালিয়ে যাবেন তিনি।
অনুষ্ঠানে যোগ দেন নারী সাংবাদিক কেন্দ্রের সভানেত্রী নাসিমুন আরা হক মিনু, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী দিল মনোয়ারা মনু, সাংবাদিক-কলামনিস্ট পারভীন সুলতানা ঝুমা, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব আশরাফুল আলম খোকনও।
উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা দিদারুল হক খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু যোগ দেন এই আনন্দ আয়োজনে
প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মালিকানা কোম্পানি বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের চেয়ারম্যান আসিফ মাহমুদ অতিথিদের অভ্যর্থনা জানান।
বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সঙ্গে আলাপচারিতায় আসিফ মাহমুদ ও তৌফিক ইমরোজ খালিদী
আয়োজনে ঐতিহ্যবাহী দেশীয় খাবারের সঙ্গে ছিল বাহারি ফলের পসরা। ঘরোয়া আয়োজনে ব্যবস্থা করা চটপটি-ফুচকা আর ঝালমুড়ির। টক-ঝালের সঙ্গে ছিল টাঙ্গাইলের চমচম, লাড্ডু, রসমলাই ও রসগোল্লা।
বাহারি খাবারের সঙ্গে ছিল হরেক রকম ফল, যার সবই দেশি
গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর বলেন, “তারুণ্যের এই মিলনমেলায় আসতে পেরে আমি অভিভূত। দেশজ খাবারের ব্যবস্থা করা হয়েছে, সবাই সেটা নিচ্ছেন। তরুণরা চেতনার শানিত আলোয় চাঁদ দেখে। তখন তরুণদের সঙ্গে মানুষ জাগে।”
কথা বলছেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর
অনুষ্ঠানে যেমন ছিল গানের আয়োজন; তেমনি সাংস্কৃতিক জগতের অনেকে যোগ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের সঙ্গে। তাদের মধ্যে সঙ্গীত শিল্পী রেবেকা সুলতানা গেয়েও শোনান।
স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে এসেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আসেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে। অন্যদের মধ্যে চলচ্চিত্র নির্মাতা আবু সায়ীদ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনয় শিল্পী সংঘের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান জর্জ, কার্যনির্বাহী সদস্য আহসানুল হক মিনু, নির্মাতা ফাখরুল আরেফীন খান, আবু শাহেদ ইমন, মাহমুদ দিদার, আশুতোষ সুজন, মৃত্তিকা গুণ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অধরা খান উপস্থিত হন অনুষ্ঠানে।
ফকির আলমগীরের পাশাপাশি শিল্পী কমলিকা চক্রবর্তী, শিল্পী দেবলীনা সুর আর শিল্পী নওরীনের পাশাপাশি গান গেয়ে শোনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্যরা।
অন্যরকম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোরের কর্মীরা
এই আয়োজনে যোগ দিয়ে সাবেক কর্মী নাসিরুল ইসলাম বলেন, “চমৎকার আয়োজন হয়েছে। সবাইকে সবার সঙ্গে মিলিত হওয়ার এইতো সুযোগ। ঘরোয়া পরিবেশে খাবারের আয়োজনও খুব সুন্দর হয়েছে।”
বাড়তি আনন্দের উপলক্ষ তৈরি করা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের শিশু সন্তানদের জন্য। ঘরের একপ্রান্তে তাদের জন্য রাখা হয় খেলাধুলার ব্যবস্থা।
শিশুদের দুরন্তপনায় ছিল না কোনো বাধা
সব সন্তানের ব্যবস্থা করা হয় উপহারের। বয়স অনুযায়ী পুতুল, চকলেট, কালার পেন্সিল, ব্যাগ আর চকলেটের ছিল বাহারি সেই উপহারের থলিতে। উপহার হিসাবে আরও ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেডের (বিপিএল) বই আর চকলেট।
অনুষ্ঠানে হ্যালো’র মাধ্যমে শিশু সাংবাদিক তৈরির প্রসঙ্গ টেনে তৌফিক ইমরোজ খালিদী বলেন, “একটি বড় সংখ্যার শিশু সাংবাদিককে প্রশিক্ষিত করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, যারা নানা ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে।”
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অতিথি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক-বর্তমান কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
উৎসবমুখর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়
‘বিডিনিউজ’ নামে প্রতিষ্ঠানটির জন্ম ২০০৫ সালে, বার্তা সংস্থা রূপে। ২০০৬ সালে এর মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর তা খোল-নলচে বদলে যায়।
বিবিসির সাবেক সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেয়। নতুন আঙ্গিকে এর পরিচয় হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এখন ইউনিক ভিজিটর সংখ্যা এক কোটির বেশি; প্রতি মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটের ১০ কোটি পাতা খোলা হয়।
ফেইসবুকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অনুসরণ করেন ৮৫ লাখ মানুষ, টুইটারেও সক্রিয় রয়েছে ইন্টারনেট সংবাদপত্রটি।
