২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯২ এর চুক্তির পথেই মিলবে রোহিঙ্গা সঙ্কটের সমাধান: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ১৯৯২ সালের চুক্তির সঙ্গে নতুন বিষয় যোগ করে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা ভাবতে পারে।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 08:18 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই সরকারকে মিলেই এটা ঠিক করতে হবে।”  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংকে ফোন করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেন।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নতুন কোনো শর্ত না দিয়ে ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি।

মিয়ানমার সরকার আগেই জানিয়েছে, ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় রোহিঙ্গাদের তারা ফেরাতে রাজি। কিন্তু ওই চুক্তি এখন আর ‘বাস্তবসম্মত নয়’ জানিয়ে মিয়ানমারকে নতুন একটি প্রস্তাব দেয় বাংলাদেশ।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হ্যাঁ, এখনকার পরিস্থিতি অনেকটাই আলাদা। তবে আমরা মনে করি, ১৯৯২ সালের সমঝোতা যে প্রিন্সিপাল মেনে হয়েছিল, তাকে ভিত্তি ধরে এবারও আলোচনা এগিয়ে নেওয়া যায়।”

পরিস্থিতি যে এখন আর ১৯৯২ সালের মতো নেই, সে কথা বার্নিকাটও মানছেন।

“উদ্যোগ শুরুর জন্য এটা ভাল, কেননা দুই দেশের মধ্যে একটি চুক্তি আগে থেকেই আছে। ২০১৭ সালের সমঝোতায় অবশ্যই নতুন নতুন বিষয় আসবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মতো যুক্তরাষ্ট্রও এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারকে সহযোগিতা দিতে প্রস্তুত।”

অক্টোবরের শুরুতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ের ঢাকা সফর এবং গত সপ্তাহে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেপিদো সফরের প্রসঙ্গ টেনে বার্নিকাট বলেন, দুই দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ নেওয়ায় যুক্তরাষ্ট্র খুবই আশাবাদী।

যক্ষ্মা প্রতিরোধে একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন বার্নিকাট। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও ওই অনুষ্ঠানে রোহিঙ্গা সঙ্কটে আরও উদ্যোগী হওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানান।   

পরে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বার্নিকাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।

“বাংলাদেশের মতো আমরাও বিশ্বাস করি, এই সঙ্কটের মূল রয়েছে বার্মায়। মিয়ানমারের সেনাপ্রধানকে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর ফোন কলই প্রমাণ করে, আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।”  

বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র সমস্যার মূলে মনোযোগ দিচ্ছে এবং মিয়ানমারকে চাপ দিচ্ছে, যাতে তাদের সরকার ও সেনাবাহিনী ‘সঠিক কাজটি’ করে এবং রোহিঙ্গারা নিরাপদে তাদের বাড়ি ফিরতে পারে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এমনভাবে এ সঙ্কটের সমাধান চায়, যাতে রোহিঙ্গারা আত্মসম্মানের সঙ্গে দেশে ফিরতে পারে এবং যেখানে তাদের এবং তাদের পূর্বপুরুষের জন্ম হয়েছে, সেখানে আবার তারা নিরাপদে বসবাস করতে পারে।  

গত ২৫ অগাস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে যা ঘটছে, তাকে জাতিসংঘ চিহ্নিত করেছে জাতিগত নির্মূল অভিযান হিসেবে। আর গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে আরও প্রায় চার লাখ রোহিঙ্গা।

Image
নির্যাতনের মুখে বাংলাদেশের পানে রোহিঙ্গারা- ছবি: রয়টার্স

নির্যাতনের মুখে বাংলাদেশের পানে রোহিঙ্গারা- ছবি: রয়টার্স

বেশ কিছুদিন কূটনৈতিক আলোচনার পর ১৯৯২ সালে মিয়ানমারের সামরিক সরকার শরণার্থীদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি করে, যেখানে রোহিঙ্গাদের ‘মিয়ানমার সমাজের সদস্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

ওই চুক্তির আওতায় মিয়ানমার সে সময় দুই লাখ ৩৬ হাজার ৫৯৯ জন রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নেয়। চুক্তি নির্ধারিত যাচাই প্রক্রিয়ায় আরও ২৪১৫ জন শরণার্থীকে সে সময় মিয়ানমার থেকে আসা বলে চিহ্নিত করা হলেও মিয়ানমার তাদের আর ফিরিয়ে নেয়নি।

১৯৯২ সালের ওই চুক্তির চতুর্থ দফায় রোহিঙ্গাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়, যাদের কাছে মিয়ানমারের জাতীয় পরিচয়পত্র বা জাতীয় নিবন্ধন কার্ড থাকবে, অথবা যারা জাতীয়তার পরিচয় নিশ্চিত করার জন্য মিয়ানমার সরকারের যে কোনো দপ্তরের দেওয়া কোনো নথি দেখাতে পারবে এবং যারা মিয়ানমারে তাদের বসবাসের প্রমাণ দিতে পারবে- তাদের সবাইকে ধাপে ধাপে ফিরিয়ে নেবে মিয়ানমার।  

সে সময় মিয়ানমার সরকার বলেছিল, বাংলাদেশের আশ্রয়কেন্দ্রে সরকারিভাবে নিবন্ধিত রোহিঙ্গাদের মধ্যে যারা ওই যাচাই প্রক্রিয়ায় প্রত্যাবাসনের যোগ্য বিবেচিত হবে, ‘সহযোগিতার মানসে’ তাদের ফিরিয়ে নেওয়া হবে। 

গত মাসে কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে আসা একজন কূটনীতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, যে অবস্থায় এই মানুষগুলো মিয়ানমার থেকে পালিয়ে এসেছে, তাতে তাদের কাছে পরিচয়পত্র আশা করা কঠিন।

তাছাড়া রোহিঙ্গাদের কাছে জাতীয় পরিচিতির যেসব কাগজপত্র ছিল, গতবছরই সেগুলো বাতিল করে দিয়েছে মিয়ানমার।  

“তারপরও আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করলে কোনো একটি প্রক্রিয়া ঠিক করে দিতে পারে। আর রোহিঙ্গাদের বিষয়ে যাবতীয় কাগজপত্র তো মিয়ানমার সরকারের কাছে আছেই।”

রোহিঙ্গাদের নির্দিষ্ট একটি এলাকায় রেখে তাদের বায়োমেট্রিক নিবন্ধনের কাজ করছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে কক্সবাজারে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, এই নিবন্ধন পরে প্রত্যাবাসনেও কাজে লাগতে পারে।