ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে রাস্তায় শিশুরা
দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করল শিশুরা।
স্কুল-কলেজ, অফিস-আদালত, মাঠে-ময়দানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশু ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তারা।
শিশু-কিশোর বিষয়ক পত্রিকা দুরন্ত-র আয়োজনে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশুদের এই মানববন্ধনে যোগ দেন সংস্কৃতিকর্মীরাও।
‘আপনার-আমার সন্তান কতটুকু নিরাপদ’ শিরোনামে এই মানবন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, “আমরা চাই সচেতনতা, অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি। শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে আর সকল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাক আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তার বার্তা। সুবিধাপ্রাপ্ত আর সুবিধাবঞ্চিত শিশুরা গড়ে উঠুক নিরাপদ মানসিকতা নিয়ে। দৃষ্টান্তমূলক শাস্তি আর আপনার-আমার সচেতনতাই ভবিষ্যৎ প্রজন্মকে দেবে নিরাপত্তার বলয়।”
অভিভাবকদের প্রতি শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়ে গোলাম কুদ্দুছ বলেন, “সংস্কৃতিমনা শিশু বা কিশোর কখনো অপরাধ করতে পারে না এবং অপরাধ, অন্যায়, অবিচার সমর্থনও করে না।”
গীতাঞ্জলী পদক পেলেন তিন গুণী
সংস্কৃতি চর্চা কেন্দ্র গীতাঞ্জলী ললিতকলা একাডেমির ত্রয়োদশ বর্ষ পূর্তিতে উত্তরার ক্ষুদ্র ও কুটির শিল্প ইনস্টিটিউট অডিটরিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব।
এ বছর শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে ‘বিশেষ অবদান’ রাখায় গীতাঞ্জলী ললিতকলা একাডেমির ‘গীতাঞ্জলী’ পদক পেয়েছেন সমরজিৎ রায় চৌধুরী, হাসান আজিজুল হক ও সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনী আসরেই তাদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।
গীতাঞ্জলী ললিতকলা একাডেমির প্রধান নির্বাহী মাহবুব আমিন মিঠু জানান, এবার তাদের অনুষ্ঠানমালায় প্রতিদিনই রয়েছে শিশু কিশোর চিত্র প্রদর্শনী ‘সকাল বেলার পাখি’। রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘মুনীর চৌধুরী’।
পঞ্চাশে পদার্পন উদীচীর
প্রতিষ্ঠার পঞ্চাশতম বছরে পদার্পন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
রোববার বিকালে ঢাকার জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংগঠনটি উদযাপন করতে যাচ্ছে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পদার্পণ অনুষ্ঠান।
উৎসব উদ্বোধন করবেন প্রবীন কৃষকনেতা কাজী সোহরাব হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী আনোয়ার হোসেন, আখতার হুসেন, মাহফুজা খানম, আবেদ খান, অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও গোলাম কুদ্দুছ।
শুক্রবার সকালে উদীচীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
মহিলা সমিতি মিলনায়তনে সংলাপের নাটক ‘বোধ’
শুক্রবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ‘মঞ্চে নাটক দেখুন’ শীর্ষক নাট্যোৎসবে মঞ্চস্থ হল সংলাপের নাটক ‘বোধ’।
মুন্সী প্রেমচাঁদ এর গল্প অবলম্বনে ‘বোধ’-এর নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস এবং নির্দেশনায় রয়েছেন মোস্তফা হীরা।
‘বোধ’ নাটকে সমাজের নানা অন্যায়, অবিচারের কথা উঠে এসেছে পরতে পরতে। নাটকের বিভিন্ন অঙ্কে উঠে আসে বোধহীন সমাজ ব্যবস্থার অমানবিকতা, স্বার্থপরতার কথা। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত একদল নিরন্ন মানুষের বিদ্রোহ আর বিপ্লবের কথাও উঠে আসে নাটকের শেষভাগে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মো. হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, তামান্না মেহের পপি, শাকিল আহমেদ ও মো. মাইনুল ইসলাম।
