ধানমণ্ডিতে হারুন আই হসপিটালকে ২ লাখ টাকা জরিমানা
বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন নিয়ে হাসপাতাল পরিচালনা এবং অনুমোদন ছাড়া ছাদের ওপর স্থাপনা তৈরি করায় ধানমণ্ডির হারুন আই হসপিটালকে দুই লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ধানমণ্ডির ৫ নম্বর সড়কে এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত নকশা বহির্ভূত স্থাপনা অপসারণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ভবনটিকে হাসপাতাল হিসেবে ব্যবহারে অনুমোদন নেওয়ার জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন। রাজউকের অঞ্চল-৫ এর পরিচালক শাহ আলম চৌধুরী, অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা, সহকারী অথরাইজড অফিসার জোটন দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট নাসির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয়ের পারমিশন আছে সেখানে কমার্শিয়াল করতে পারবে। কিন্তু সে অনুযায়ী তারা রাজউক থেকে প্ল্যান অনুমোদন করেনি। পুরনো প্ল্যান দিয়েই তারা সেখানে অন্য বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছিল। সেখানে স্বাস্থ্যসেবার কথা বলা নাই।”
তাছাড়া ভবনের গঠনও নকশা মেনে হয়নি জানিয়ে তিনি বলেন, “তাদের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে প্রবলেম আছে। এ কারণে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
এ বিষয়ে হারুন আই হসপিটাল কর্তৃপক্ষের কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে রাজউকের চালানো এই অভিযানে ধানমণ্ডি ৫ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির বেইজমেন্ট থেকে অবৈধ কাঠামো সরিয়ে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করা হয়। এতদিন ওই বেইজমেন্ট ব্যবহৃত হচ্ছিল গুদাম হিসেবে।
আর ৭ নম্বর সড়কের ‘অর্চাড পয়েন্ট’ এর জন্য রাজউকের কাছ থেকে ‘শো-রুম’ হিসেবে ব্যবহারের অনুমোদন নেওয়া হলেও সেখানে রেস্তোরাঁ, অফিস ও বিভিন্ন বাণিজ্যিক দোকান পরিচালনা করা হাচ্ছিল।
ওই ভবন মালিককে আগামী তিন দিনের মধ্যে তার অনুমোদনের বৈধ কাগজপত্র রাজউকে উপস্থাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।
