২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সহজ পাঠ

রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ মোড়ের ওপর দিয়ে আটটি এলাকার সড়ককে যুক্ত করা মগবাজার-মৌচাক ফ্লাইওভার পুরোপুরি খুলে দেওয়ার পর প্রথম দিন পথের দিশা পেতে জটিলতায় পড়েছেন অনেকে।

ফয়সাল আতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 08:07 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় বৃহত্তম এই ফ্লাইওভার উদ্বোধনের পর কেউ পায়ে হেঁটে, কেউ আবার ব্যক্তিগত মোটরসাইকেল বা প্রাইভেটকারে চড়ে পুরো ফ্লাইওভার ঘুরে দেখেছেন।

স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে দেখা গেছে দীর্ঘ প্রতীক্ষা অবসানের খুশি।

আট কিলোমিটার দীর্ঘ এই অবকাঠামো নির্মাণের কাজের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও চলতি পথের যাত্রীদের দারুণ ভোগান্তি পোহাতে হয়েছে গত ছয় বছর। এখন তারা আশা করছেন, ফ্লাইওভার হওয়ায় যানজট কমবে, তাদের সেই কষ্টেরও অবসান হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ সাতটি মোড়- সাতরাস্তা, এফডিসি, মগবাজার, ওয়্যারলেস গেইট, মৌচাক, মালিবাগ, রামপুরা এবং শান্তিনগরের ওপর দিয়ে গেছে এই ফ্লাইওভার। এফডিসি, মগবাজার ও মালিবাগে তিন দফা রেলক্রসিং অতিক্রম করেছে।

ফ্লাইওভারের হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশ, ইস্কাটন-মৌচাক অংশ এবং সোনারগাঁও হোটেলের দিকে নামার র‌্যাম্প আগেই খুলে দেওয়া হয়েছিল। আর বৃহস্পতিবার মৌচাক, মালিবাগ, শান্তিনগর ও রাজারবাগ অংশে যান চলাচল শুরু হয়েছে। 

 

কোন পথে কোথায় যাবেন

ফ্লাইওভারে ওঠার মুখে নির্দেশকগুলো আকারে ছোট হওয়ায় প্রথম দিন অনেকেরই পথ বুঝে নিতে বেগ পেতে হয়েছে। অনেকে গাড়ি নিয়ে ভুল র‌্যাম্প দিয়ে উঠে বিপাকে পড়েছেন।

>> রাজারবাগ থেকে ফ্লাইওভারে উঠলে শান্তিনগর, রামপুরা ও বাংলামোটর যাওয়া যাবে। শান্তিনগর যাওয়ার জন্য বাঁয়ে প্রথম মোড় ধরলেই চলবে। বাংলামোটর যেতে চাইলে সোজা সামনে এগিয়ে মৌচাক পৌঁছে বাঁয়ের পথ ধরলেই চলবে। আর রামপুরা যেতে চাইলে মৌচাক থেকে ধরতে হবে ডানের পথ। সেখানে পড়তে হবে সিগন্যালে।

>> শান্তিনগর থেকে ফ্লাইওভারে উঠলে রাজারবাগে যাওয়া যাবে না। মৌচাক পেরিয়ে নামা যাবে বাংলামোটর বা রামপুরায়।

>> রামপুরা থেকে ফ্লাইওভারে চড়লে মৌচাকের মাথার ওপর দিয়ে সোজা  চলে যাওয়া যাবে রাজারবাগ কিংবা শান্তিনগরে। এ পথে কোনো সিগন্যাল নেই।

>> বাংলামোটর থেকে ফ্লাইওভারে চড়লে যাওয়া যাবে কেবল ওয়্যারলেস গেইটে।

>> ওয়্যারলেস গেইট থেকে উঠলে এই ফ্লাইওভার ধরে যাওয়া যাবে রামপুরা, রাজারবাগ ও শান্তিনগরে। মৌচাকে পৌঁছে বাঁয়ে মোড় নিলেই মালিবাগ চৌধুরীপাড়া পেরিয়ে রামপুরার পথ। কিন্তু রাজারবাগ ও শান্তিনগরে যেতে চাইলে মৌচাকে পার হতে হবে সিগন্যাল। সেটি পার হয়ে সোজা পথে পৌঁছানো যাবে রাজারবাগে। তবে শান্তিনগর যেতে মালিবাগে আরেকটি সিগন্যাল পার হয়ে যেতে হবে ডানে।

>> হলিফ্যামিলি র‌্যাম্প ধরে উঠে সোজা গেলেই সাতরাস্তা মোড় আর তেজগাঁও। আর যারা সোনারগাঁও হোটেল বা কারওয়ান বাজারে যাবেন, তাদের এফডিসি মোড় থেকে বাঁয়ের র‌্যাম্প ধরতে হবে।  

>> তেজগাঁও সাতরাস্তার থেকে ফ্লাইওভারে উঠলে মগবাজারের মাথার ওপরে পায়ে একটি র‌্যাম্প মিলবে। সেই পথে যাওয়া যাবে ওয়্যারলেস গেইট। আর তা না করে নাক বরাবর গেলেই হলিফ্যামিলি। 

সোনারগাঁও-কারওয়ান বাজার থেকে ফ্লাইওভারে ওঠা যাবে না। কেবল হলিফ্যামিলির দিক থেকে আসা গাড়ি এই পথে নামতে পারবে।

পুরনো খবর:

অনেক তিতিক্ষার ফ্লাইওভার খুললো