অনেক তিতিক্ষার ফ্লাইওভার খুললো
অপেক্ষার সময় বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি; উন্নয়ন কাজের সময়ে বিড়ম্বনা হাড়ে হাড়ে টের পেয়েছে স্থানীয় বাসিন্দারা। অবশেষে উদ্বোধনের পর পুরোপুরি খুলে দেওয়া হয়েছে রাজধানীর মৌচাক-মগবাজার ফ্লাইওভার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে এ ফ্লাইওভারের উদ্বোধন করেন। তিনি বলেন, এই ফ্লাইওভার যানজট কমিয়ে মানুষের সময় বাঁচাবে; কর্মচাঞ্চল্যও বাড়বে।
আর স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দৈনিক ৫০ হাজার যানবাহন ৮ দশমিক ৭০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভার ব্যবহার করতে পারবে। নিচের সড়ক ব্যবহার করা যাবে আগের মতোই।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী যখন ফ্লাইওভারের উদ্বোধন ঘোষণা করেন, মৌচাক এলাকায় বানানো অনুষ্ঠান মঞ্চে তখন উল্লাসে মেতে ওঠেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. ওসমান গণি, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও ছিলেন সেখানে।
অনেকেই মোটরসাইকেলে করে, কেউ আবার পায়ে হেঁটে ফ্লাইওভার ঘুরে দেখেন। কয়েকটি খোলা ট্রাকে মাইকে গান বাজিয়ে ফ্লাইওভারে চক্কর দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ফ্লাইওভার দেখতে আসা সাখাওয়াত হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, “আমরা এই এলাকার মানুষ অনেক কষ্ট করেছি। এখন চালু হয়েছে এতেই আমরা খুশি। কিছু পেতে হলে কিছু ত্যাগ তো স্বীকার করতেই হয়।”
এক নজরে ফ্লাইওভার
# ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে ২০১১ সালে যখন এই ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছিল, তখন এর ব্যয় ধরা হয়েছিল ৭৭২ কোটি ৭০ লাখ টাকা। এরপর কয়েক ধাপে তা বেড়ে ১ হাজার ২১৮ কোটি ৮৯ লাখ ৬৯ লাখ টাকায় পৌঁছায়।
# এ প্রকল্পে সৌদি ডেভেলপমেন্ট ফান্ড এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থায়ন করে। প্রতি মিটার নির্মাণে গড়ে ১৩ লাখ টাকা খরচ পড়ে বলে সরকাররের ভাষ্য।
# মৌচাক-মগবাজার ফ্লাইওভার সোনারগাঁও, মগবাজার এবং মালিবাগ রেলক্রসিং অতিক্রম করেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সাতটি মোড়- সাতরাস্তা, এফডিসি, মগবাজার, ওয়্যারলেস গেইট, মৌচাক, মালিবাগ, রামপুরা এবং শান্তিনগরের ওপর দিয়ে গেছে।
# চার লেইনের এ ফ্লাইওভারে ওঠা-নামার জন্য তেজগাঁওয়ের সাতরাস্তা, সোনারগাঁও হোটেল, মগবাজার, রমনা (হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন রাস্তা), বাংলামোটর, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস ও শান্তিনগর মোড়সহ বিভিন্ন জায়গায় রাখা হয়েছে ১৫টি র্যাম্প।
# ভূমিকম্প সহনীয় করার জন্য এ ফ্লাইওভারে ‘পট বিয়ারিং’ এবং ‘শক ট্রান্সমিশন ইউনিট’ সংযোজন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সড়কের মিডিয়ান বরাবর কলামের ওপর এ ফ্লাইওভার নির্মাণ করায় নিচের সড়কের উপযোগিতা কমবে না।
# ফ্লাইওভারটির নির্মাণ কাজ করা হয়েছে তিন ভাগে। একটি অংশে রয়েছে সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি পর্যন্ত, আরেকটি অংশে শান্তিনগর-মালিবাগ-রাজারবাগ পর্যন্ত এবং শেষ অংশটি বাংলামোটর-মগবাজার-মৌচাক পর্যন্ত।
# এর মধ্যে হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সাতরাস্তা পর্যন্ত অংশটি ২০১৬ সালের ৩০ মার্চ উন্মুক্ত করা হয়। ওই বছরের ১৫ সেপ্টেম্বর এ ফ্লাইওভারের ইস্কাটন-মৌচাক অংশ যান চলাচল উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী। আর ফ্লাইওভার থেকে সোনারগাঁও হোটেলের দিকে নামার র্যাম্পটি গত ১৭ মে খুলে দেওয়া হয়।
# ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স নাভানা জেভি’ এবং চীনা প্রতিষ্ঠান দ্য নাম্বার ফোর মেটালার্জিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি (এমসিসিসি) ও তমা কনস্ট্রাকশন লিমিটেড এর নির্মাণ কাজ করে।
ভোগান্তি আর সংশয়
ঢাকার কেন্দ্রভাগে অন্যতম ব্যস্ত এবং চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এলাকায় আট কিলোমিটার দীর্ঘ এই নির্মাণকাজের জন্য ছয় বছর দারুণ ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দা ও চলতি পথের যাত্রীদের।
বেহাল রাস্তার কারণে মগবাজার, মৌচাক, শান্তিনগর এলাকার বিপণি বিতান ও দোকানপাটের ব্যবসায়ীরা হন ক্ষতির শিকার।
প্রতিদিন চলাচলের দুর্ভোগে পড়ে অনেকেই ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় বাসা নেওয়ায় স্থানীয় ভবনমালিকদেরও বিপাকে পড়তে হয়।
ফ্লাইওভারের নির্মাণ কাজ চলার মধ্যেই চলতি বছর মার্চে মালিবাগ রেলগেইট এলাকায় ফ্লাইওভারের গার্ডার পড়ে একজনের মৃত্যু হয়; আহত হন আরও দুইজন।
নির্মাণ কাজ শুরু করার পরপরই এ ফ্লাইওভারের নকশার ত্রুটি নিয়ে বিভিন্ন প্রতিবেদন আসে সংবাদমাধ্যমে, যার সুরাহা আর হয়নি।
বাঁ দিকে স্টিয়ারিংয়ের কথা মাথায় রেখে বিদেশি প্রকৌশলীর করা নকশায় নির্মিত এ উড়াল সড়কে ডানে যাওয়া বা রাইট টার্নের ব্যবস্থা না রাখা, ওঠা-নামার র্যাম্প জটিলতাসহ বেশ কিছু ত্রুটির কথা সে সময় বলেছিলেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ফলে অনেক ধকলের পর এই ফ্লাইওভার বাস্তবে কতটা সুবিধা দেবে, তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয় বাসিন্দাদের অনেকের মনে।
মৌচাকের আনারকলি সুপার মার্কেটের ব্যবসায়ী মো. বেলাল হোসেন বলেন, “প্রশাসন যদি বড় বাস এবং প্রাইভেট কারগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়, তবে যানজট কমবে। ফ্লাইওভারের কারণে রাস্তা ছোট হয়ে গেছে, সেজন্য রিকশা-অটোর বাইরে বড় গাড়ি নিচ দিয়ে চলাচল করলে যানজট কখনোই কমবে না।”
আর এনজিও কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, “ফ্লাইওভারের উপরে আবার সিগন্যাল বাতি, সিগন্যালে যদি গাড়ি আটকায়, তাহলে ভালো কী হল? সেই আগের অবস্থাতেই তো আছেন।”
সড়কের পরিস্থিতি নিয়ে সংশয় থাকলেও শত ভোগান্তি পেরিয়ে আসা স্থানীয় বিপণি বিতানগুলোর ব্যবসায়ীরা আশা করছেন, ফ্লাইওভারের কল্যাণে যদি যানজট কমে, তাহলে তাদের ব্যবসার সুদিনও ফিরবে।
প্রথম দিনের দর্শন
বৃহস্পতিবার উদ্বোধনের পরপরই ফ্লাইওভারে ঘুরতে আসেন মালিবাগের ব্যবসায়ী আদনান, যদিও এ ফ্লাইওভারে তার নিজের খুব বেশি লাভ হবে না।
“মালিবাগের লোকজনের জন্য ফ্লাইওভারের ওঠার সুযোগ নেই। তবে বাংলামোটর থেকে আসার সময় আমরা ফ্লাইওভার ব্যবহার করতে পারব। বেশিরভাগ গাড়ি ফ্লাইওভারের ওপর দিয়ে গেলে মৌচাকে চাপ কম পড়বে. যানজটও কম হবে।”
খিলগাঁও রেলগেট এলাকার একটি খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়ি চালক নজরুল ইসলাম ফ্লাইওভারে উঠেছিলেন পিকআপ নিয়ে।
তিনি বলেন, “আমরা শহরের যেই দিকেই যাই, মৌচাকে আইতেই হয়। সারাদিনই পানি নিয়া বিভিন্ন জায়গায় যাওয়ার সময় জ্যামে আইটকা থাকতাম। এইটা হইয়া অনেক উপকার হইছে।”
একটি বায়িং হাউজের কর্মকর্তা সজীব হাসান বলেন, “শুনেছি ফ্লাইওভারের নকশায় নাকি ত্রুটি আছে। এখন তো মাত্র চলাচল শুরু হল, কয়দিন যাক, তারপর দেখি কি হয়। আমি আশাবাদী এ এলাকার যানজট কমবে।”
ফ্লাইওভারে ওঠার মুখে নির্দেশকগুলো আকারে ছোট হওয়ায় নানারকম পোস্টার ব্যানারের মধ্যে সেগুলো দেখে দিক নির্ণয় করতে প্রথম দিন অনেকেরই বেগ পেতে হয়েছে। অনেকে উঠে পড়েছেন ভুল র্যাম্পে।
বোরহান উদ্দিন নামের এক চালক প্রাইভেট কার নিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে মৌচাক মোড়ে এসে ট্রাফিক পুলিশের কাছে পথের দিশা চান।
“আমি শান্তিনগর থেকে অনেকটা অনুমানের উপরে উঠছি। এখন বুঝতেছি না কোন দিক দিয়ে যাব। ওঠার মুখে বড় গেইটের মতো বানায়ে গন্তব্যের নাম লিখে দিলে সবার জন্য সহজ হইত।”
মৌচাক ও মালিবাগ মোড়ে ফ্লাইওভারের ওপর বসানো হয়েছে ট্রাফিক সিগন্যাল। সেখান থেকে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছিলেন অনেক চালক।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিন হওয়ায় অনেকে গুলিয়ে ফেলছেন। এই সিগন্যালে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে। তারপরও আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবেন। ”
তিনি বলেন, “প্রথম দিকে একটু ঝামেলা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ফ্লাইওভারে ওঠার মুখের সাইনবোর্ডগুলো আরও একটু বড় করে দেওয়ার জন্য এলজিইডির প্রকল্প সংশ্লিষ্টদের অনুরোধ করেছি।”
