২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কটের দ্বিপক্ষীয় সমাধানে এগোচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গা সঙ্কটের দ্বিপক্ষীয় সমাধানের কথা মিয়ানমার সফরে গিয়ে বলে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 06:06 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

মিয়ানমার থেকে ফেরার একদিন পর বৃহস্পতিবার তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, “আমরা তাদের এটা বলেছি, দ্বিপক্ষীয়ভাবে এর সমাধান করা উচিৎ এবং আমরা সেটাই চাই। মাননীয় প্রধানমন্ত্রীও তাই চান।”

মিয়ানমার এগিয়ে না এলে তখন বাংলাদেশ অন্য কিছু ভাববে বলে ইঙ্গিত দিন আসাদুজ্জামান কামাল।

“এটা না করলে তাদের বলেছি যে, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় যাব। কারণ আমাদের ঘাড়ে তো এসে পড়েছে।”

কয়েক যুগ ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ। তাদের ফেরত নিতে বাংলাদেশের আহ্বানে সাড়া না দিয়ে উল্টো নানা উসকানিমূলক আচরণও মিয়ানমার থেকে আসে।

এবার রাখাইন প্রদেশে নির্যাতনের মুখে গত ২৫ অগাস্ট থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামলে আন্তর্জাতিক সমালোচনার মুখে মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নেওয়ার ঘোষণা দেয়।

এরপর মিয়ানমারের মন্ত্রী অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে অক্টোবরের শুরুতে ঢাকায় এলে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে দুই দেশ একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়ে সম্মত হয়।

প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে একটি দ্বিপক্ষীয় চুক্তির প্রস্তাব করে তার খসড়াও হস্তান্তর করা হয়েছিল। তবে সে বিষয়ে মিয়ানমারের জবাব এখনও জানা যায়নি।

Image
এই দফায় বাংলাদেশে এসেছে ৬ লাখের বেশি রোহিঙ্গা

এই দফায় বাংলাদেশে এসেছে ৬ লাখের বেশি রোহিঙ্গা

তারপর মিয়ানমার সফরে গিয়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে এলেন আসাদুজ্জামান কামাল।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, “আমরা মনে করি যে, আমরা হাঁটা শুরু করেছি, লক্ষ্যে পৌঁছতে পারব।”

কোন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা তো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কথা বলেছি। সেই গ্রুপ কফি আনান কমিশনের সুপারিশ সামনে রেখে কাজ করবে। প্রধানমন্ত্রীর পাঁচ দফা সামনে রেখে কাজ করবে।

“তারা বলেছেন, তারা ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করবেন।”

মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিশ্বজুড়েই চলছে আলোচনা। মুসলিম বিভিন্ন দেশ মিয়ানমারের সমালোচনামুখর। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করছে রোহিঙ্গা নির্যাতনের জন্য। তবে চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে বলেই বিভিন্ন ফোরামে তাদের অবস্থানে স্পষ্ট হয়েছে।

মিয়ানমার আন্তর্জাতিক চাপে আছে বলে কি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে নিয়ে ‘আইওয়াশ’ করেছে কি না, আসাদুজ্জামান কামালকে সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক।

জবাবে তিনি বলেন, “দেখুন, আমি কোনো কিছুই নেগেটিভলি দেখি না। আমি মনে করি-এটা তাদের সমস্যা তারা সমাধান করবে। এটা আমরা বিশ্বাস করে এবং মনে করি।”

“আমরা মনে করি আমাদের এই সমস্যা ওভারকাম করতেই হবে। আমরা সেটাই মনে করি।”

Image
মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসাদুজ্জামান কামাল

মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আসাদুজ্জামান কামাল

শরণার্থী সঙ্কট চললে মিয়ানমারকেও যে তার ফল ভোগ করতে হবে, সেই কথাও তাদের জানিয়ে এসেছেন আসাদুজ্জামান কামাল।

“এরা (রোহিঙ্গা) যদি বেশি দিন থাকে। যে সন্ত্রাস ও জঙ্গিদের আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি, তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যেতে পারে। তখন আমাদের কিছু করার থাকবে না। আমরা যে রকম অসুবিধায় পড়ব। তোমরাও (মিয়ানমার) সে রকম অসুবিধায় পড়বে।”

মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি দেশটির নেত্রী সু চির সঙ্গেও আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “তারা সবই রাজি হয়েছেন; কিন্তু তারা বলছেন, একটি প্রক্রিয়ার মাধ্যমে সব ফাইনালাইজড করবে।”

রাখাইনে সেনা অভিযানের আগে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার কথা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন মিয়ানমারের কর্মকর্তারা।

কামাল বলেন, “আমি স্পষ্ট করে বলেছি, এই দেশে কোনো দুষ্কৃতকারীকে আমরা স্থান দিই না। এক ইঞ্চি জায়গাও ব্যবহার করতে দেই না। তাদের বলেছি, কোনো জঙ্গির তালিকা বা আস্তানা থাকলে আমাদের দাও, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তারা দুষ্কৃতকারীদের একটি তালিকা দিয়েছে। তবে শুধু নাম আছে; বাবার নাম, বাড়ি, ঠিকানা কিছুই নাই।”

সংখ্যা কত- জানতে চাইলে মন্ত্রী বলেন, “এই সংখ্যা আমার কাছে নেই। আইজিপি বলেছেন, তিনি এটা (তালিকা) পেয়েছেন।”

Image
ইয়াঙ্গুনে বুধবার মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ইয়াঙ্গুনে বুধবার মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সু চির সঙ্গে বৈঠকের বিষয়ে কামাল বলেন, “তাকে বলেছি, আজ  আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে। আপনিও (সু চি) মিয়ানমারকে সে জায়গায় নিতে পারবেন। বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে।

“অং সান সু চি আমাকে বলেন, ‘তোমরা তাদের (রোহিঙ্গা) ফিরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত কর-তারা তো এখন আসতে চায় না’। আমি বলেছি, তারা কেন আসতে চায় না? সেটা আপনি নিশ্চয়ই জানেন। তাদের আসার পরিবেশ নাই। তাই তারা তারা আসতে চায় না।”

রোহিঙ্গাদের ফেরার পরিবেশ তৈরি করতে সু চির প্রতি আহ্বান জানান কামাল। এক্ষেত্রে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দেন তিনি।

“আমি ‍সু চিকে বলেছি, কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ কর। তোমাদের দেশে শান্তি আসলে আমরাও বাঁচি। তোমরাও এই অশান্তি থেকে রেহাই পাবা।”

“এই সব প্রস্তাব সবই শুনেছেন। আমরা মনে করি তারা এগুলো পর্যায়ক্রমে করবেন।সু চি নিজেই বলেছেন, তাদের নেওয়ার বিষয়ে তার সরকার কাজ করছে,” বলেন তিনি।

পুরনো খবর:

রোহিঙ্গা প্রত্যাবাসনে হবে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’
মিয়ানমারের ‘জবাবের অপেক্ষায়’ বাংলাদেশ
‘যাচাই করে’ রোহিঙ্গাদের ফেরাতে রাজি সু চি
‘অনুপ্রবেশকারীদের’ মিয়ানমারে ফেরাতে কাজ শুরু হয়েছে: কামালকে সু চি
অপেক্ষা করছি তাদের সদিচ্ছার জন্য: মিয়ানমার থেকে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী