নাইকো দুর্নীতি: খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মুনানি পিছিয়ে ২০ নভেম্বর নতুন দিন রেখেছে আদালত।
বুধবারও ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠনের জন্য তারিখ ছিল।
এদিন মামলার তিন আসামি খালেদা জিয়া, মওদুদ আহমদ ও এ কে এম মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করেন তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া।
সময়ের আবেদনের বিরোধিতা করে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরেরোয়ানা জারি করে অভিযোগ গঠনের আবেদন করেন।
শুনানি নিয়ে বিচারক মাহমুদুল কবীর আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করেন।
এ মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি ১৯ বারের মতো পিছিয়ে গেল।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এই মামলা করে দুদক। পরের বছর ৫ মে খালেদা ও মওদুদসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোপত্র দেওয়া হয়।
অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
