এবার সুপ্রিম কোর্ট দিবস পালন ২ জানুয়ারি
প্রতি বছর ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ পালন করার সিদ্ধান্ত হয়েছে; তবে এবার তা পালন করা হবে ২ জানুয়ারি।
চলতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি থাকবে বলে প্রথমবারেই তা পিছিয়ে পালনের সিদ্ধান্ত হয় বুধবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায়।
দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন।
পরে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান।
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর) উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল, সেদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে।
“যেহেতু ইতোপূর্বে বর্তমান বছরের ১৮ ডিসেম্বর অবকাশকালীন ছুটি ঘোষিত হয়েছে, সেহেতু ২০১৮ সালের ২ জানুয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট খোলার দিন সুপ্রিম কোর্ট দিবসটি পালন করা হবে।”
২০১৭ সালের সুপ্রিম কোর্টের বর্ষপঞ্জিতে ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি রয়েছে।
প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ায় গত ২ অক্টোবর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়।
কার্যভার নেওয়ার পর এনিয়ে তিনটি ফুল কোর্ট সভা করলেন তিনি।
(সংশোধিত)
