দ্বিজেন শর্মার নামে জাতীয় উদ্ভিদ উদ্যানের নামকরণের প্রস্তাব
দ্বিজেন শর্মাকে ‘প্রকৃতিপুত্র’ খেতাব দিয়ে তার নামে জাতীয় উদ্ভিদ উদ্যানের নামকরণের প্রস্তাব জানিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
দ্বিজেন শর্মার নিজেরই সংগঠন তরুপল্লবের আয়োজনে দ্বিজেন শর্মা স্মরণ ও স্মৃতিতর্পণ অনুষ্ঠানে এসে এই দাবি তুলেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দ্বিজেন শর্মার স্ত্রী ড. দেবী শর্মা, প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক, ড. আইনুন নিশাত, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক, শিশুসাহিত্যিক আলী ইমাম, তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন।
শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার হলে হয় দ্বিজেন শর্মা স্মরণ ও স্মৃতিতর্পণ অনুষ্ঠানটি।
শুরুতে দ্বিজেন শর্মার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তার জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এ উপলক্ষে ‘প্রকৃতিপত্র’ প্রকাশ করেছে একটি বিশেষ শ্রদ্ধার্ঘ্য সংখ্যা। ছিল তার বইয়ের একক প্রদর্শনীও।
আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “কিছুদিন আগে ‘প্রকৃতিপুত্র দ্বিজেন শর্মা’ বইয়ের নামকরণ দেখে চমকে গিয়েছিলাম। আমি দীর্ঘদিন তাকে প্রকৃতির মধ্যে প্রকৃতি হতে দেখেছি। মনে হত, প্রকৃতির মধ্যে তিনি আরেক প্রকৃতি হয়ে থাকতেন। তিনি যে প্রকৃতির পুত্র, সেটা ওই বই থেকে টের পেলাম। এরপর তাকে প্রকৃতিপুত্র হিসেবেই ডাকতে পারি।
“আমার মাঝে মাঝে মনে হত, দ্বিজেন দা কোনা মানুষ নন, তিনি প্রকৃতির ভিতর হেঁটে যাওয়া এক সত্তা।”
দেবী শর্মা বলেন, “১৯৯৫ সালে আমরা যখন মস্কো থেকে দেশে ফিরলাম, তখন তিনি প্রকৃতি ও মানুষকে ভালোবাসার সুযোগ পেলেন। গড়ে তুললেন নানা সংগঠন, যাত্রা শুরু করে তরুপল্লব। তখন বিপ্রদাশ বড়ুয়া, মোকারম হোসেনের মতো ছাত্ররা তার পিছু নিলেন। তিনি তাদের গাছ দেখাতেন, গাছ চেনাতেন।”
মফিদুল হক বলেন, “বই নিয়ে তার সঙ্গে আমার সবচেয়ে বেশি যোগাযোগ। মস্কো থেকে কখনো বই লাগলে বলতেন, আমার কাছ থেকেও নিতেন। সে সময় তিনি আমাকে চিঠি লিখতেন, যার নীচে তিনি লিখতেন ‘চিরদিনের দ্বিজেন দা’। তখন এটা মামুলি মনে হয়েছিল। এখন বুঝি ওই বাক্য লেখা চিঠি পাওয়াটা কত বড় অলৌকিক আর্শিবাদ।”
আইনুন নিশাত বলেন, “জীববৈচিত্র্য নিয়ে জানাশোনা লোক অনেকেই আছেন। কিন্তু মাটি, পানি, বাতাস সমন্বয়ে প্রকৃতির যে বৈচিত্র্যময়তা তা আমাদের নটর ডেম কলেজে পড়িয়েছেন দ্বিজেন শর্মা। আমি সিভিল ইঞ্জিনিয়ার হলেও যখন পরিবেশ নিয়ে কাজ করতে এসেছি, তখন স্যারের সেই ক্লাসগুলো থেকে আমি উদাহরণ দিতাম।”
আলী ইমাম বলেন, “তিনি এ পৃথিবীতে নয়, অন্য এক পৃথিবীর হাতছানি নিয়ে এসেছিলেন। রমনা উদ্যানে যদি দ্বিজেন প্রাঙ্গণ চালু করা যায়, তাহলে আমরা সবুজকে উপভোগ করতে পারব।”
বৃক্ষসখা ও উদ্যানবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা ১৫ সেপ্টেম্বর মারা গেছেন।
