২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তহুরার সমস্যা সারলেও হাসপাতালে থাকতে হচ্ছে

অস্ত্রোপচারে আলাদা হওয়া দুই শিশুর একজন তহুরার প্রস্রাবে ‘ইনফেকশন’ হয়েছিল, তা সেরে উঠেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 10:03 PM

Updated : 12 Apr 2022, 12:30 AM

এখন আর সমস্যা না থাকলেও তোফা ও তহুরাকে অন্তত দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হবে বলে ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনুর ইসলাম  জানিয়েছেন।

গত ১ অগাস্ট এই হাসপাতালেই প্রায় সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারে দুই বোনকে আলাদা করেন চিকিৎসকরা। সুস্থ হয়ে বাড়ি ফেরার প্রায় এক মাস পর অসুস্থ হওয়ায় ৮ অক্টোবর তাদের গাইবান্ধা থেকে ঢাকায় আনা হয়।

বর্তমানে সাহনুর ইসলামের অধীনে তাদের চিকিৎসা চলছে।

ডা. সাহনুর বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজনের চিকিৎসা চলছে। তাদের ওষুধ দেওয়া হয়েছে। এই ওষুধ দুই সপ্তাহ চলবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাদের ছুটি দেওয়া হবে নাকি আরও কিছু দিন হাসপাতালে রাখা হবে।”

কী অসুবিধা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “ তহুরার প্রস্রাবে ইনফেকশন হয়েছিল। এখন ঠিক হয়েছে। মঙ্গলবার থেকে তহুরা মায়ের বুকের দুধের পাশাশি বাইরের খাবারও খাচ্ছে।”

দুজনের জন্মগতভাবে কিডনির একটু সমস্যা রয়েছে জানিয়ে তিনি বলেন, তোফার কিউনির সমস্যা অনেকটা কমে এসেছে।

তাদের অপারেশনের ঘা শুকিয়েছে এবং ক্ষতস্থানের মাংসও ভরাট হয়েছে বলে জানান চিকিৎসক।

শিশু দুটির মা শাহিদা বেগম বলেন, বাড়িতে তোফা ও তহুরার জ্বর ছিল। তহুরা ঘন ঘন প্রস্রাব করত। প্রস্রাবে তীব্র গন্ধ ছিল, এখন আর সেই সমস্যা নেই।