২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের চিকিৎসার দায়িত্ব নিতে চায় ঔষধ শিল্প সমিতি

কক্সবাজারে শরণার্থী শিবির ঘুরে এসে মিয়ানমার থেকে আসা ৫ লাখ রোহিঙ্গার চিকিৎসার দায়িত্ব নিতে চেয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2017, 08:37 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

সোমবার সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নাজমুল হাসান বলেন, “সরকারের ক্যাম্পগুলো চালাতে যা যা দরকার অর্থাৎ যে ওষুধ, ডাক্তার ও টেকনিশিয়ান দরকার, সবকিছু আমরা দেব। পুরো দায়িত্বটাই আমরা নিতে চাচ্ছি।”

শরণার্থীদের জন্য ১৭টি চিকিৎসা কেন্দ্র চালাতে সরকারের হিমশিম অবস্থার চিত্র দেখে আসার কথা জানিয়ে তিনি বলেন, “ওখানে গিয়ে ক্যাম্প করা সহজ ব্যাপার না। তখন চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিলাম, সরকারের সাথে কাজ করলে কাজটা আরও সহজ হবে।

“সেখানের খরচ অত্যন্ত ব্যয়বহুল। আমরা ডাক্তারদের আনা-নেয়া, মেডিকেল ক্যাম্প পরিচালনার সব ধরনের খরচ দেব।”

ঔষধ শিল্প সমিতি সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য গত ৪ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করে সাড়া পান।

সরকারকে সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের আরও ভালো স্বাস্থ্যসেবা দেয়া যাবে বলে আশাবাদী নাজমুল।

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অনেকেই অসুস্থ। উদরাময় ও কলেরার ঝুঁকি রয়েছে বলে সেখানে টিকা দেওয়ার পরিকল্পনাও নিয়েছে সরকার।

ঔষধ শিল্প সমিতি বলছে, সেখানে বিভিন্ন কোম্পানির ডিপো এবং বিক্রয় ও বিপণনকর্মী আছে বলে তাদের জন্য ওষুধ পাঠানোও সহজ হবে।

কতদিন তারা এ সেবা দেবেন- এ প্রশ্নের জবাবে নাজমুল বলেন, “খুব দ্রুত এ সমস্যার সমস্যা হচ্ছে না। ছয় মাসের আগে এ সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। আমরা ধারণা করছি, ছয় মাস এ সমস্যা থাকতে পারে।”

সঙ্কটের আশু সমাধান আশা না করলেও যতদিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকবে, ততদিন সহায়তা চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে ঔষধ শিল্প সমিতির।

সংবাদ সম্মেলনে ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক এস এম শফীউজ্জামান, কোষাধ্যক্ষ হালিমুজ্জামান, উপদেষ্টা ড. মোমেন  উপস্থিত ছিলেন।