মেডিকেল ভর্তির ফল প্রকাশ
দেশের মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৪১ হাজার ১৩২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে সোমবার তাদের মেধা তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রাথমিকভাবে উত্তীর্ণ এই শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৩১৮ জন দেশের ৩০টি সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর বেসরকারি ৬৪টি কলেজে ভর্তির সুযোগ পাবে আরও ৬ হাজার ২০৫ জন।
স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবাসাইটে এই মেধা তালিকা পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় গত শুক্রবার ঢাকার পাঁচটি কেন্দ্রসহ সারা দেশে ২০টি কেন্দ্রে অভিন্ন এমসিকিউ প্রশ্নপত্রে এক ঘণ্টার পরীক্ষা দেয় চিকিৎসক হতে আগ্রহী ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী জানান, এবার ৪১ হাজার ১৩২ জন শিক্ষার্থী ন্যূনতম ৪০ নম্বর পেয়েছে। তাদেরকেই প্রাথমিকভাবে উত্তীর্ণ ধরে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির স্কোর যোগ করে তৈরি করা হয়েছে মেধা তালিকা।
এবারই প্রথম দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের মেধা তালিকা থেকে ৫ নম্বর কেটে নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে এক শিক্ষার্থী সর্বোচ্চ ৯০ দশমিক ৫ পেয়েছেন বলে পরীক্ষিত চৌধুরী জানান।
তিনি বলেন, ওই মেধা তালিকার ভিত্তিতে আগামী ১৭ থেকে ২৮ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া চলবে।
দেশের ডেন্টাল কলেজগুলোতে চলতি বছরের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা হবে আগামী ১০ নভেম্বর।
