২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক হতে ভর্তি পরীক্ষায় ৮৩ হাজার শিক্ষার্থী

চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে দেশের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিয়েছে ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 12:03 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

তাদের মধ্যে নয় হাজার ৩৪৩ জন শেষ পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ১০টা থেকে ঢাকায় পাঁচটি কেন্দ্রসহ সারা দেশে ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষা হয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ ছিল নিষিদ্ধ। পরীক্ষা শুরুর ১০ মিনিট পর আর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি।

চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকা তৈরির সময় আগের বছরের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ৫ নম্বর কেটে নেওয়া হচ্ছে। বিষয়টি চ্যালেঞ্জ করে এক আইনজীবী আদালতে গেলেও তিনি সুপ্রিম কোর্টের সাড়া পাননি।   

দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে তিন হাজার ৩১৮টি। আর ছয় হাজার ২৫ জন শিক্ষার্থী বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পাবেন।

আগামী ১০ নভেম্বর দেশের ডেন্টাল কলেজগুলোতে চলতি বছরের বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা হবে।