ভাষা মতিনের স্মরণসভায় উপস্থিতি নিয়ে হতাশ সহযোদ্ধারা
মঞ্চে আলোচক ১০ জনের মতো, যাদের চারজন ভাষা সংগ্রামী; সামনের দর্শকসারিতে লোকসংখ্যা তার চেয়ে একটু বেশি, তবে তাদেরও হাতে গোনা যায়।
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী আব্দুল মতিনের তৃতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এই পরিস্থিতি দেখে নিজেদের হতাশার প্রকাশ ঘটিয়েছেন তার সতীর্থ ভাষা সংগ্রামীরা।
কেন হতাশ- তার ব্যাখ্যাও বক্তব্যে দেন ভাষা সংগ্রামী আবদুল করিম পাঠান: “দুঃখ লাগে- আজকে যাদের আসার কথা তারা আসেননি, আমরা কয়জন বয়োবৃদ্ধ এখানে আছি। আন্দোলনের সে সময়ে আমরাতো দেখেছি, আমতলায় তার বক্তৃতা শুনে কীভাবে ১০ হাজারের মতো ছাত্র-জনতা ১৪৪ ধারা ভেঙে ঝাপিয়ে পড়েছিল।”
ভাষা সৈনিক আবদুল মতিনের সংগ্রামের বিষয় জানতে ইতিহাস পড়তে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান এই ভাষা সংগ্রামী।
“আমরা আলো জ্বালিয়েছি, নিভে যাওয়ার জন্য নয়। তরুণ প্রজন্ম সেটা এগিয়ে নিয়ে যাবে,” বলেন তিনি।
আবদুল করিম পাঠানের কথায় ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, সারা বাংলাদেশ যাকে চেনে ভাষা মতিন নামে।
২১ ফেব্রুয়ারির সমাবেশকে ঘিরে আগের দিন জারি ১৪৪ ধারা ভাঙা নিয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভায় বিতর্কের পর ভোটাভুটিতে সেটা না ভাঙার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্তে ভাঙা হয় ১৪৪ ধারা। তার পরিণতিতে সালাম, জব্বার, রফিক, বরকতরা প্রাণ দেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামের বিজয় হয়।
ভাষা সৈনিক মঞ্জুরুল শিকদার বলেন, “যাদের জন্ম না হলে, যাদের সংগ্রামী ভূমিকা না থাকলে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারত না। যেই সংগ্রাম না হলে মুক্তিযুদ্ধের সাহস অর্জন করা হত না, সেই সংগ্রামের বড় যোদ্ধা ছিলেন আবদুল মতিন। তাকে যেভাবে স্মরণ করার কথা সেভাবে স্মরণ সেটা আমরা করতে পারছি না আজকে।”
আগামীতে এমন আয়োজন করলে জাতীয় কমিটি গঠন এবং অনুষ্ঠানের আগে ঘরোয়া প্রস্তুতি সভা করার আহ্বান জানান তিনি।
“ভাষা সৈনিকরা বুঝতে পেরেছিলেন উর্দু রাষ্ট্রভাষা হলে বাঙালি জাতিস্বত্ত্বা, জাতির চিহ্ন মুছে যাবে। এমনি নয়, সেটা মুছে যাবে ষড়যন্ত্রের মধ্য দিয়ে। সেটা বুঝতে পেরে আব্দুল মতিনরা ঝাপিয়ে পড়েছিলেন, জেল-জুলুম আর হুমকি উপেক্ষা করে।”
তিনি বলেন, “ভাষা সৈনিক আব্দুল মতিন মহান নেতা, সেটা সবাই স্বীকৃতি দিয়েছে। এখন নতুন প্রজন্ম যেন তাকে স্মরণ করে, চর্চা করে। তা না হলে এই অবদান মুছে যাবে।”
আব্দুল মতিনদের সংগ্রামী ভূমিকার পথ ধরে আসা বাংলা ভাষা সিয়েরালিওনের নাগরিকদের মুখে টেলিভিশনে শুনে আপ্লুত হওয়ার কথা জানান মনিকা।
“টেলিভিশনে দেখি, সিয়েরালিওনের মেয়েরা বাংলায় গান গাচ্ছে। মনে হয়, কাছে পেলে ওদের জড়িয়ে ধরতাম। যদিও ওটা বিজ্ঞাপনের মধ্যে।”
অন্যদিকে ভাষা মতিনের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এত কম লোকসংখ্যা দেখেও হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কিউবান বিপ্লবের উদাহরণ টানেন আরেক ভাষা সংগ্রামী সাংবাদিক কামাল লোহানী।
একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই সংগঠক বলেন, “এত কম উপস্থিতি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। মাত্র ১৭ জন বিপ্লবী কিউবায় ঢুকে পড়েছিল, বাতিস্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিপ্লব সংগঠিত করেছিল।”
তবে ভাষা সংগ্রামীদের আকাঙ্ক্ষার মতো অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ না হওয়ায় এখনও ‘শোক, ক্ষোভ ও দুঃখ’ হয় বলে মন্তব্য করেন কামাল লোহানী।
“তাদের সেই আকাঙ্ক্ষার পথে মুক্তিযুদ্ধের সূচনা পর্বের দিকে এগিয়ে গেছি, সেটা এখনও আমরা বাস্তবায়ন করতে পারিনি। তবে তরুণ প্রজন্ম চুপচাপ বসে নেই। তারা বিভিন্ন মাধ্যমে নিজেদের কাজ করে যাচ্ছে।”
আরেক ভাষা সংগ্রামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, “যারা সংগ্রামের পথে আছেন, তারা ভাষা সংগ্রামীদের অবদান ধরে রাখার কাজ করুন। তাদের চেতনা সামনে এগিয়ে নিয়ে যাবেন।”
ভাষা সৈনিক আব্দুল মতিন স্মৃতি পরিষদ আয়োজিত ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ভাষা সংগ্রামী অধ্যক্ষ আবুল কাশেমের ছেলে কামরুল আহসান, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ সুজন বক্তব্য দেন।
