২২ বছরেও শেষ হচ্ছে না নুবান হত্যার বিচার
রাজধানীতে প্রায় ২২ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক নুবান আহম্মদকে হত্যার ঘটনায় বিচার শেষ করতে পারছে না আদালত।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলায় ২০১৪ সালের বিভিন্ন সময়ে রায় ঘোষণার জন্য ১২ বার দিন রাখা হয়েছিল। তবে তদন্তে দুর্বলতা ও সাক্ষ্য প্রমাণে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় কোনোবারই দেওয়া যায়নি রায়।
এ আদালতের তৎকালীন দুই বিচারক রায় ঘোষণা করতে না পারায় পরে এক বিচারক মামলাটি ফের সাক্ষ্যগ্রহণ পর্যায়ে নিয়ে যান বলে জানিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. শাহাবুদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই মুহূর্তে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বর্তমান বিচারক মো. হাফিজুর রহমান যুক্তিতর্কের শুনানি নিতে আগামী ২৭ নভেম্বর নতুন দিন রেখেছেন।
১৯৯৫ সালের এ হত্যাকাণ্ড সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক আলোচনার জন্ম দিলেও মামলাটির সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে তেমন স্পষ্ট কিছু আসেনি বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
মামলার তিন আসামি হলেন- নিহত নুবানের স্ত্রী কাজী সোহানা নাজনীন লিপি, তার কথিত প্রেমিক মাহাইমিনুর রহমান মিল্টন ওরফে মিলু এবং নুবানের সহকর্মী অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক একেএম মাহবুব মোর্শেদ।
আদালতের নথি অনুযায়ী, এই তিন আসামির সবাই পলাতক।
১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নুবান আহম্মদকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পূর্ব পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর মারা যান তিনি।
এরপর নুবানের শ্বশুর কাজী শামসুল হুদা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে এই হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্ত করেছেন মোট তিন পুলিশ কর্মকর্তা। সব শেষে সিআইডির সহকারী সুপার মো. আমিনুল ইসলাম ২০০২ সালের ১ জুলাই বাদীর মেয়ে সোহানাসহ ওই তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেন।
মামলায় সন্দেহভাজন হিসাবে শরীয়তপুরের জাজিরার কে এম আলমগীরকে গ্রেপ্তার করা হলেও অভিযোপত্রে তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।
নুবান হত্যাকাণ্ডের জের ধরে সংসদ ভবন এলাকা থেকে আটক করে কয়েকজন ‘পেশাদার অপরাধীদেরও’ জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। তবে তাদের কাছ থেকে তেমন কোন তথ্য মেলেনি।
পনের বছর আগে মামলায় বিচার কার্যক্রম শুরুর পর ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের মূল বিচারক ও ভারপ্রাপ্ত বিচারকসহ অন্তত ১২ জন বিচারক মামলাটির কার্যক্রমে জড়িত ছিলেন।
এ আদালতে এক সময়ের দুই বিচারক আনিসুর রহমান ও জাকিয়া পারভীন রায়ের জন্য দিনও ঠিক করেছিলেন ।
রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষ কেউই কোনোদিন এ মামলা সম্পর্কে হাই কোর্টে কোনো প্রতিকার চাইতে যাননি। মামলাটির বিচারে কোনোদিন কোনো স্থগিতাদেশও দেওয়া হয়নি। তার পরও দীর্ঘ সময় পেরিয়ে শেষ হয়নি বিচার।
মামলার বাদী নিহতের শ্বশুর শামসুল হুদা এবং শাশুড়ি মেহেরুন্নেসাসহ মোট নয়জন এই মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছিলেন।
প্রথম দফা বিচার কার্যক্রমে সাক্ষী হিসাবে আদালতে দেওয়া জবানবন্দিতে শামসুল হুদা এবং মেহেরুন্নেসা কোনো আসামিকেই ঘটনার সঙ্গে জড়িয়ে আদালতে জবানবন্দি দেননি।
তবে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর (স্টেট ডিফেন্স) জেরার উত্তরে শামসুল হুদা জানান, অর্থনীতি বিভাগের দুর্নীতি নিয়ে একটি ‘গোলযোগের’ কারণে দুজন শিক্ষক বরখাস্ত হন। নোমান একটি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করায় ১৫ ছাত্রের পরীক্ষা স্থগিত হয়ে যায়।
এরপর এক ছাত্র নুবানের বাসায় গিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছিল বলেও আদালতে দেয়া সাক্ষ্যে জানিয়েছিলেন তার শ্বশুর।
সাক্ষ্যে শামসুল বলেন, “হাসপাতালে নুবানকে অচেতন অবস্থায় দেখি। মৃত্যুর আগে তার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরে নুবান বলেছিল তার সহকর্মী একেএম মোর্শেদ জানে ঘটনাটি কে ঘটিয়েছে।”
নুবানের শাশুড়ি মেহেরুন্নেসা আদালতে যে সাক্ষ্য দেন, তাতে তার মেয়ে সোহানার সঙ্গে মিল্টনের প্রেমের সম্পর্ক ছিল বলে উঠে আসে। তিনি জানিয়েছিলেন, নুবানের সঙ্গে বিয়ের পরও সোহানা-মিল্টনের সম্পর্ক ছিল।
নুবানের বোন আসফিয়া সাবিনাও তার সাক্ষ্যে নুবান হত্যার পেছনে ‘সোহানার প্ররোচনা ছিল’ বলে অভিযোগ করেন।
তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযোগপত্রে বলেন, “নিহতের স্ত্রী, যিনি নিজেও এ মামলার আসামি, সেই সোহানা নাজনীনকে পাওয়ার জন্য এ মামলার অপর আসামি মিল্টন ওরফে মিলু সোহানার সহযোগিতায় সুকৌশলে এই হত্যাকাণ্ড ঘটায়।
“অপর আসামি মোর্শেদ বিষয়টি জানতেন। তিনি নুবানের চেয়ে সিনিয়র হলেও বিশ্ববিদ্যালয়ে নুবানের জনপ্রিয়তা বেশি ছিল, যা নুবানের মৃত্যুকালীন জবানবন্দিতে প্রমাণিত হয়।”
মামলার নথি অনুযায়ী, হত্যাকাণ্ডের পর সোহানা নাজনীন লিপি তার বাবা-মাকে না জানিয়েই মিল্টনকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অপর আসামি মাহবুব মোর্শেদও বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন।
এদিকে দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়ায় আটকে থাকা এ মামলায় নুবান আহম্মদের কোনো আত্মীয়-স্বজনও আদালতে আসছেন না, রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন না।
এর পাশাপাশি বিচার কাজ না এগোনোর পেছনে তদন্তের দুর্বলতাও দেখছেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পিপি মো. আবদুস সাত্তার দুলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলাটিতে ভালো তদন্ত হয়নি। যে বিচারকই মামলাটি হাতে নেন, পিছিয়ে যান। আর মামলার বিচারে নিহতের আত্মীয় স্বজনরা রাষ্ট্রপক্ষকে তেমন সহযোগিতা করেননি, যে কারণে বিচার পিছিয়েছে।
“তাছাড়া যে চিকিৎসকের সামনে নিহত নুবান মৃত্যুকালীন ঘোষণা (ডাইয়িং ডিক্লারেশন) দিয়েছিলেন সেই চিকিৎসক শফিকুল ইসলামকে বার বার আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হলেও তিনি আসেননি। ”
