২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারিখ পড়েছে ১০ বার,  রায় হয়নি নুবান হত্যার

শুনানি শেষে ১১ বার রায়ের জন্য দিন রেখেছেন বিচারক, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক নুবান আহম্মদ (৩০) হত্যা মামলার বিচার শেষ হয়নি দুই দশকেও। 

প্রকাশ বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 01:32 AM

Updated : 01 Sep 2026, 12:20 PM

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায়ের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন রেখেছেন। তবে সেদিনও এ মামলার রায় হবে কি না- সে বিষয়ে নিশ্চিত নন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষ কেউই কোনো দিন এ মামলায় গতি আনতে হাই কোর্টে যাননি। মামলার কার্যক্রমে কোনো স্থগিতাদেশও কখনো আসেনি। তারপরও গত দশটি নির্ধারিত তারিখে রায় আসেনি।

নয় বিচারকের হাত ঘুরে বর্তমানে এ মামলাটি রয়েছে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ  জাকিয়া পারভীনের আদালতে। তারই আগামী ৯ ফেব্রুয়ারি রায় ঘোষণা করার কথা।

১৯৯৫ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পূর্ব  পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষক নোমান আহম্মদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ডিসেম্বর মারা যান নুবান।

এরপর নুবানের শ্বশুর কাজী শামসুল হুদা বাদি হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার তদন্ত করেছেন মোট তিন পুলিশ কর্মকর্তা। সব শেষে সিআইডির সহকারী সুপার মো. আমিনুল ইসলাম ২০০২ সালের ১ জুলাই তিনজনকে আসামি করে অভিযোগপত্র দেন।

এই তিন আসামি হলেন- নুবানের স্ত্রী কাজী সোহানা নাজনীন লিপি, তার কথিত প্রেমিক মাহাইমিনুর রহমান মিল্টন ওরফে মিলু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরই অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক একেএম মাহবুব মোর্শেদ।

আদালতের নথি অনুযায়ী এই তিন আসামিই পলাতক।

মামলায় সন্দেহভাজন হিসাবে শরীয়তপুরের জাজিরার কে এম আলমগীরকে গ্রেপ্তার করা হলেও অভিযোপত্রে তাকে আসামির তালিকা থেকে বাদ দেয়া হয়।

নুবান হত্যাকাণ্ডের জের ধরে সংসদ ভবন এলাকা থেকে আটক করে কয়েকজন ‘পেশাদার অপরাধীদেরও’ জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। তবে তাদের কাছ থেকে তেমন কোন তথ্য মেলেনি।

নিহতের শ্বশুর শামসুল হুদা এবং শাশুড়ি মেহেরুন্নেসাসহ মোট নয়জন এই মামলার রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন।

আদালতে জেরার উত্তরে শামসুল হুদা জানান, অর্থনীতি বিভাগের দুর্নীতি নিয়ে একটি ‘গোলযোগের’ কারণে দুজন শিক্ষক বরখাস্ত হন। নোমান একটি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করায় ১৫ ছাত্রের পরীক্ষা স্থগিত হয়ে যায়।

এরপর এক ছাত্র নুবানের বাসায় গিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছিল বলেও আদালতে দেয়া সাক্ষ্যে জানিয়েছিলেন তার শ্বশুর।

সাক্ষ্যে শামসুল বলেন, “হাসপাতালে নুবানকে অচেতন অবস্থায় দেখি। মৃত্যুর আগে তার জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরে নুবান বলেছিল তার সহকর্মী একেএম মোর্শেদ জানে ঘটনাটি কে ঘটিয়েছে।”

নুবানের শাশুড়ি মেহেরুন্নেসা আদালতে যে সাক্ষ্য দেন, তাতে তার মেয়ে সোহানার সঙ্গে মিল্টনের প্রেমের সম্পর্ক ছিল বলে উঠে আসে।

তিনি জানান, নুবানের সঙ্গে বিয়ের পরও সোহানা-মিল্টনের প্রেমের সম্পর্ক ছিল।

নুবানের বোন আসফিয়া সাবিনাও তার সাক্ষ্যে নুবান হত্যার পেছনে  সোহানার প্ররোচনা ছিল বলে অভিযোগ করেন।

তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম অভিযোগপত্রে বলেন  “নিহতের স্ত্রী যিনি নিজেও এ মামলার আসামি সেই সোহানা নাজনীনকে পাওয়ার জন্য এ মামলার অপর আসামি মাহাইমিনুর রহমান মিল্টন ওরফে মিলু সোহানার সহযোগিতায় সুকৌশলে এই হত্যাকাণ্ড ঘটায়।

“অপর আসামি মোর্শেদ বিষয়টি জানতেন। তিনি মোর্শেদ নুবানের চেয়ে সিনিয়র হলেও বিশ্ববিদ্যালয়ে নুবানের জনপ্রিয়তা বেশি ছিল, যা নুবানের মৃত্যুকালীন জবানবন্দিতে প্রমানিত হয়।”

মামলার নথি অনুযায়ী, হত্যাকাণ্ডের পর সোহানা নাজনীন লিপি তার বাবা মাকে না জানিয়েই মিল্টনকে বিয়ে করেন এবং যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অপর আসামি মাহবুব মোর্শেদও বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন।

রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এম এ সাত্তার দুলাল।

বারবার দিন রাখার পরও রায় না হওয়া প্রসঙ্গে মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ের জন্য কোনো মামলা এভাবে ঝুলিয়ে রাখা কোনোভাবেই উচিৎ নয়। আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি ও সহকারী পিপির সঙ্গে কথা বলব।”