প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান দেবেন না: স্বাস্থ্যমন্ত্রী
মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই দাবি করে এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরীক্ষা হয়েছে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। প্রশ্নফাঁসের সুযোগই নেই।
“যারা গুজব ছড়ায়, তারা মেধাবীদের শত্রু। তাই প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো গুজবে কান দিবেন না।”
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার পাঁচটিসহ বিভাগীয় ও জেলা শহরের মোট ৩৪টি কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়িসহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ ছিল নিষিদ্ধ।
সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৫টি প্রতিষ্ঠানের ৯ হাজার ৩৪৩ আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ছিল ৮২ হাজার ৮৫৬ জন।
এর মধ্যে ৩১টি সরকারি মেডিকেল কলেজে আসন আছে ৩ হাজার ৩১৮টি। আর ৭৪টি বেসরকারি মেডিকেরে ৬ হাজার ২৫ জন ভর্তির সুযোগ পাবে।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “অতীতে দেখা গেছে, পুরাতন শিক্ষার্থীদের সঙ্গে নতুন শিক্ষার্থীদের অসম প্রতিযোগিতায় অংশ নিতে হয়। আর ভর্তি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, ৬০ থেকে ৭০ শতাংশ পুরাতন শিক্ষার্থী চান্স পায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফাঁকা করে অনেকে এখানে চলে আসে।
“এ কারণে আমরা (নম্বর কাটার) সিদ্ধান্ত নিয়েছি, সর্বোচ্চ আদালতও এটার পক্ষে রায় দিয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে মেডিকেল ভর্তি পরীক্ষার কেন্দ্রের ভেতরে না গিয়ে সামনে অপেক্ষায় থাকা অভিভাবকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান এ সময় তার সঙ্গে ছিলেন।
