২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী বলে অনেক বাধা: ফরিদা

নারী হওয়ার কারণে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক বাধা পাওয়ার অভিযোগ করেছেন ফরিদা ইয়াসমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 01:31 AM

Updated : 11 Oct 2022, 02:36 PM

জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক পদে প্রথম নারী ফরিদা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, “অনেকেই আমাকে ঠেকাতে চেয়েছে।”

নির্বাচিত হওয়ার পরও একই অভিজ্ঞতার মুখে পড়েছেন জানিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের হুঁশিয়ারও করেন তিনি।

“কীসের জন্য এত লাফালাফি করছেন? আমি আমাদের সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছি। সাবধান হয়ে যান, আমার কাজে বাধা দেবেন না।”

তবে সবাই নারীবান্ধব না হলেও অনেকেই নারীদের যোগ্যতার প্রতি সম্মান রাখেন বলেও জানান ফরিদা।

জাতীয় প্রেস ক্লাবে প্রথম নারী সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনকে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দেওয়া এই সংবর্ধনা অনুষ্ঠানে বাধা-বিপত্তি পেরিয়ে এগিয়ে যাওয়ার জন্য তাকে অভিনন্দন জানান লেখক-কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ।

ফরিদা বলেন, “আমরা মেয়েরা এই পুরুষতান্ত্রিক সমাজে একটু পিছিয়ে আছি, কিন্তু আমরা যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাব।”

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা তাদের সংগঠনেও নারী নেতৃত্ব আসবে বলে আশাবাদ প্রকাশ করেন। সাংবাদিক রাশেদা আমিন প্রেস ক্লাবের সভাপতি পদেও নারীদের দেখার প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে ফরিদা ইয়াসমীনের হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয়। নারী জাগরণী গান ও কবিতাও পরিবেশন করা হয় অনুষ্ঠানে।

নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় নির্যাতিত নারীদের সংবাদ সংগ্রহের জন্য আরও নারীদের সাংবাদিকতা পেশায় আসার আহ্বান জানান আবুল মকসুদ।

“ধর্ষিতা নারীদের ইন্টারভিউ নেওয়া পুরুষ সাংবাদিকদের পক্ষে সম্ভব না। এজন্য মেয়েদের এগিয়ে যাওয়া উচিৎ। আর মেয়েরা সাংবাদিকতায় দক্ষতার পরিচয় দিচ্ছে।”

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শারমিন রিনভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি রোজী ফেরদৌসী, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক প্রমুখ।