২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষসহ ব্যান্সডক কর্মচারী গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগ পেতে দুদকের চালু করা হটলাইনে আসা একটি ফোনে সাড়া দিয়ে ঘুষের টাকাসহ বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 08:13 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ব্যান্সডক অফিস থেকে কর্মচারী মো. শহিদ উল্লাহকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান।

প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহিদ উল্লাহ ১৯৮৮ সাল থেকে ওই অফিসের প্রশাসন শাখায় কর্মরত আছেন। প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের ফাইল আটকে রেখে ঘুষ নিয়ে থাকেন বলে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

দুদকের হটলাইনের মাধ্যমে অভিযোগ আসে, ওই অফিসের সুইপার রফিকুল ইসলাম, মালি হালিমা বেগম, ডিএমও রওশন আরা ও সিনিয়র রেকর্ড কিপার মঙ্গল মিয়ার ‘বেতন কর্তনের মাধ্যমে বেতন সমতা করণের’ ভয় দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন শহিদ উল্লাহ।

সেই কথামতে অফিসের আরেক কর্মচারীর মাধ্যমে ঘুষের ২০ হাজার টাকা অগ্রিম দিতে গেলে সেই টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে প্রনব কুমার জানান।

দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই গ্রেপ্তার অভিযানে অংশ নেন।

এই ঘটনায় কমিশনের উপসহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছেন।