পূজা দিতে ঢাকেশ্বরী মন্দিরে বিচারপতি সিনহা
অসুস্থতার জন্য ছুটি নিয়ে তুমুল আলোচনার মধ্যে ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজায় অংশ নিলেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
বৃহস্পতিবার বিকালে আকস্মিকভাবে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান বিচারপতি সিনহা। তার আগে হেয়ার রোডে বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
ঢাকেশ্বরী মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন।”
ঢাকেশ্বরী মন্দিরের দ্বিতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি; সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন।
প্রধান বিচারপতি অসুস্থ বলে এক মাসের ছুটি নিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে জানান। আলোচনার প্রেক্ষাপটে তার ছুটির আবেদনও প্রকাশ করেন তিনি, তবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিএনপির।
প্রধান বিচারপতিকে কেমন দেখেছেন, খুব কি অসুস্থ তিনি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, “উনাকে দেখে আমার তেমন মনে হয়নি।”
প্রধান বিচারপতি সিনহা ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন বলে বিএনপি দাবি তোলার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে গেলেন তিনি।
এদিন দুপুরেই বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ এক আলোচনা সভায় বলেন, প্রধান বিচারপতিকে ‘জোর করে’ ছুটি দেওয়ার পর এখন বিদেশে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
প্রধান বিচারপতির অস্ট্রেলিয়া দূতাবাসে যাওয়ার খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বিকালে তার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন, “আমিও জিজ্ঞেস করিনি, উনিও এ বিষয়ে কোনো কথা বলেননি।”
বিচারপতি এস কে সিনহা
গত অগাস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রকাশের পর থেকে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছেন বিচারপতি সিনহা।
ওই রায়ে সংসদ, গণতন্ত্র ও বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে দাবি করে বিচারপতি সিনহাকে অপসারণের দাবিতে সর্বোচ্চ আদালতের অবকাশ শেষে আন্দোলনের ঘোষণা ছিল আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের।
গত মঙ্গলবার আদালত খোলার দিনই প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার খবর প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম; তারপর আইনমন্ত্রী আনিসুল হকও একই কথা জানান।
ওই রায়কে স্বাগত জানিয়ে আসা বিএনপি তখন থেকে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে।
ছুটি চেয়ে ওই আবেদনে বিচারপতি সিনহার সইটিও ‘ভুয়া’ বলে সন্দেহ করছেন মওদুদ।
