৭ কলেজের শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাধা
চতুর্থ বর্ষের ফল প্রকাশে দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করতে দেয়নি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা মধুর ক্যান্টিনে বসতে চাইলেও তাদের সেখানে ঢুকতেই দেওয়া হয়নি বলে ওই শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
অধিভুক্ত অন্যতম প্রতিষ্ঠান কবি নজরুল ইসলাম কলেজের শাহ পরান রিপন জানান, নয় মাস পার হলেও ২০১১-১২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের ফল এখন প্রকাশ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দ্রুত ফল প্রকাশের দাবিতে আমরা সংবাদ সম্মেলন করতে গেলে কয়েকজন প্রথমে ছাত্র বাধা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে নিষেধ করে।
“সাত কলেজ যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধীন। তাই আমাদের অধিকার আছে সংবাদ সম্মেলন করার।”
পরে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন থেকে দ্রুত ফল প্রকাশ ও ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রোববার ৯টার দিকে শহীদ মিনারে বিক্ষোভ করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনের বাধাদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের কবি জসীম উদ্দীন হলের ছাত্র ইমাম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমোদন না থাকায় ‘বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়’ সেজন্য প্রক্টর না আসা পর্যন্ত তাদের মধুর ক্যান্টিনে ঢুতে দেওয়া হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী সাংবাদিকদেরকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল-লাইব্রেরিসহ ক্যাম্পাস ব্যবহার করবে। কিন্তু আজকে সাত কলেজের একদল শিক্ষার্থী মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এসেছিল- তা আমাদের ঐতিহ্যবিরোধী।”
“বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। অধিভুক্ত কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক শুধুমাত্র একাডেমিক। তাই অন্যত্র সংবাদ সম্মেলন করতে বলা হয়েছে।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজকে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর এসব কলেজের শিক্ষার্থীরা পরীক্ষাসহ নানা বিষয়ে বিড়ম্বনায় পড়েন। এ সমস্যার সমাধানে সাত দফা দাবিতে গত ২০ জুলাই শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এসব কলেজের শিক্ষার্থীরা।
সেদিন তাদের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। পরে তাদের ১২০০ জনের বিরুদ্ধে মামলাও দেয় পুলিশ।
