২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামর্থ্যহীন রোহিঙ্গাদের জন্য বিনামূল্য টেলিটকের সেবা

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ‍বুথে সামর্থ্যহীন শরণার্থীরা বিনামূল্যে ফোন করতে পারবেন।

শামীম আহমেদ

কক্সবাজার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 06:34 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

পুরনো খবর:

রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিতে পুলিশের বারণ
রোহিঙ্গাদের হাতে মোবাইল সিম দিতে বারণ

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থাপিত কুতুপালং ক্যাম্প-১ এবং ক্যাম্প-২ এ টেলিটকের মোবাইল বুথ ও ফোন সেবা কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান।

তারানা হালিম বলেন,“যারা পারবেন তারা দেবেন টাকা, যারা পারবেন না, তাদের কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই।”

মিয়ানমারের এই নাগরিকরা যতদিন শরণার্থী শিবিরে থাকবেন, ততদিন পর্যন্ত তাদের এ সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি।

“প্রায় ১০ দিন আগে টেলিটকের মোবাইল বুথ কাজ শুরু করে, টেলিটক সেবা দেবে, ব্যবসা করবে না। টেলিটক কম মূল্য বুথগুলো থেকে সুবিধা দেবে, প্রায় বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।”

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, “বিপন্ন মানবতা দেখে আসার পর প্রধানমন্ত্রী তাদের সহায় হয়েছেন, তারা মানবতার আরেকটি রূপ দেখেছে। আমরা মানবতার অংশ হতে চেয়েছি, টেলিটকের মাধ্যমে এটি  চেষ্টা করা হচ্ছে।”

ক্যাম্প এলাকায় টেলিটকের নেটওয়ার্কের জন্য সাতটির পাশাপাশি অতিরিক্ত আরও ৬টি বিটিএস বসানো হয়েছে বলে তারানা জানান।

বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে। তা সম্পন্ন হলে তাদের কাছে সিম বিক্রি করা যায় কি না, তা ভেবে দেখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

নিবন্ধন হওয়ার পর ১০টি বুথের প্রতিটিতে শরণার্থীদের তালিকা থাকবে। হ্যান্ডমাইকে ডেকে তাদের টেলিফোনে ধরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তারানা।

রাখাইন রাজ্যে দমন-পীড়নের শিকার হয়ে বাংলাদেশে আসা ৫ লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন কক্সবাজারের উথিয়ায় আশ্রয় কেন্দ্রে।

শরণার্থী হিসেবে বাংলাদেশে থাকা রোহিঙ্গারা আপাতত কোনো মোবাইল সিম কিনতে পারবেন না; তাদের হাতে সিম তুলে দেওয়াও অপরাধ হিসেবে ধরা হবে বলে সতর্ক করেছে সরকার।

ক্যাম্প-২ এ টেলিটকের বুথে কল করতে আসা শরণার্থী বাবর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্প-৩ এ আমার বোন ফাতেমাকে ফোন করেছি রবি নম্বরে, তবে আমার কাছে টাকা না থাকায় বুথে টাকা দিইনি।”

ক্যাম্প-২ এর বুথে দায়িত্বে থাকা টেলিটকের কর্মী শাকিল বলেন, বেশিরভাগ শরণার্থীরা তাদের আত্মীয়-স্বজনদের রবি নম্বরে ফোন দিচ্ছেন।

ওই ক্যাম্পে ফোন করার রেজিস্ট্রার খাতায় সব রবি নম্বরই দেখা যায়।

শরণার্থীদের হাতে রবির নম্বর থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তারানা হালিম বলেন, “সচেতনতা তৈরি করা হচ্ছে যেন বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া কেউ সিম না দেয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনাও করা হচ্ছে।”