নিজেদের মাইনরিটি ভাববেন না: বৌদ্ধদের প্রতি কাদের
দুর্বৃত্তদের কোনো দল নেই মন্তব্য করে তাদের ভয় না পেতে বৌদ্ধ ধর্মানুসারীদের বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সব সময় আপনাদের পাশে আছে।”
বৌদ্ধদের যে কোনো বিপদে-আপদের কথা আওয়ামী লীগকে জানানোর আহ্বান জানিয়ে কাদের বলেন, “দুর্বৃত্তদের কোনো দল নেই। দুর্বৃত্তের ব্যাপারে আমাদের জিরো টলারেন্সে।
“এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে। যার সাথে সাথে সরকারে এর ব্যবস্থা নিয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকেও সে ব্যাপারে বলা আছে।”
বৌদ্ধ ধর্মানুসারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “নিজেদেরকে মাইনরিটি ভাববেন না। বুকে বল নিয়ে চলবেন। আপনাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, “কয়েকদিন আগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হয়ে গেল সুন্দরভাবে। এখন বৌদ্ধদের প্রবারণা উৎসব আছে। এ উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার করা হয়েছে।”
বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এই বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
