২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষ কর্মকর্তার ঘাটতিতে দুদক: চেয়ারম্যান

সাইবার ক্রাইম, অর্থপাচার এবং বড় দুর্নীতির অনুসন্ধান ও তদন্তে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দক্ষ কর্মকর্তার অভাব রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 07:49 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সোমবার কমিশনের প্রধান কার্যালয়ে জাতিসংঘের ‘ড্রাগস অ্যান্ড ক্রাইম’ সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুর্নীতি বিরোধী উপদেষ্টা জোরানা মার্কোভিকের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, “সাইবার ক্রাইম, অর্থপাচার এবং বড় বড় দুর্নীতি গভীরভাবে পূর্ণাঙ্গ অনুসন্ধান বা তদন্ত করার মতো দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান বা তদন্তে কী ধরনের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে হবে, যার মাধ্যমে বিষয়টি আদালতে প্রমাণ করা যাবে, সেসব বিষয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তাদের সক্ষমতার ঘাটতি রয়েছে।

“তাই কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের স্বার্থে আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। দুদক জনগণকে সেবা দিতে চায়। বর্তমান কমিশন কাউকে হয়রানি করার জন্য বা কারও পক্ষে কাজ করবে না।”

বিদেশে অর্থপাচার প্রতিরোধ ‘বড় চ্যালেঞ্জ’ উল্লেখ করে এজন্য দুদক আইনের দুর্বলতার কথাও জানান ইকবাল মাহমুদ।

“অবৈধ অর্থ পাচার ঠেকানো বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, আমরা যতদূর জানতে পেরেছি, তাতে মোটামুটিভাবে বলা যায় ট্রেড-বেইজড মানিলন্ডারিং বাংলাদেশের জন্য বড় হুমকি। এক্ষেত্রে বিদ্যমান আইনি দুর্বলতা আছে।”

দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের সম্পদ পুনরুদ্ধার ইউনিট না থাকায় মামলা নিষ্পত্তির পরও জনগণের সম্পদ সঠিক ব্যবস্থাপনা করা যাচ্ছিল না। তাই দুদকের নিজস্ব সম্পদ পুনরুদ্ধার ইউনিট গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সভায় দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব মো. শামসুল আরেফিন এবং ‘ড্রাগস অ্যান্ড ক্রাইম’ সংস্থার কনসালটেন্ট রিাচার্ড ই মেসিক উপস্থিত ছিলেন।

মঙ্গলবার একই সংস্থার সাথে কমিশনের বৈঠক হবে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।