সরকারি সার কালোবাজারে বিক্রি, ব্যবসায়ী গ্রেপ্তার
সরকারি কার্যাদেশে আমদানি করা প্রায় চার হাজার মেট্রিক টন ইউরিয়া সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সোমবার বগুড়ার আদমদীঘির সান্তাহার বাফার গুদাম এলাকা থেকে আসামি মো. মশিউর রহমান খানকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
মশিউর রাজধানীর মতিঝিলের মেসার্স সাউথ ডেল্টা শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডর নির্বাহী পরিচালক। তিনি গাজীপুরের শ্রীপুর থানার শামসুজ্জামান খানের ছেলে।
সার গুদামে সরবরাহ না করে সরকারের প্রায় ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোমবারই আদমদীঘি থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।
এতে মশিউর রহমান ছাড়াও সাবেক এক প্রকৌশলী ও একজন সাবেক সহকারী হিসাব কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে প্রণব জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে সাড়ে আট হাজার মেট্রিক টন সার আমদানির কার্যাদেশ পায় মশিউর রহমান খানের ওই প্রতিষ্ঠান। পরে তিনি চার হাজার ৬১০ মেট্রিক টন ইউরিয়া সার বগুড়া আদমদীঘির সান্তাহার বাফার গুদামে সরবরাহ করেন।
“গুদামের তত্কালীন ইনচার্জ ও উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) মো. নবির উদ্দিন খান ও সহকারী হিসাব কর্মকর্তা মো. মাসুদুর রহমান এসব সার গ্রহণ করেন। তারা পরস্পর যোগসাজশে বাকি তিন হাজার ৮৯০ টন ইউরিয়া সার গুদামে সরবরাহ না করে ভুয়া বিল ভাউচার দাখিল করেন।”
পরে এসব সার কালোবাজারে বিক্রি করে সরকারের পাঁচ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার ৭০০ টাকা আসামিরা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
